মামলার হুমকিতে ছবির নাম পাল্টালেন সালমান
বিনোদন ডেস্ক: ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ উঠেছে বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে। ‘লাভরাত্রি’ নামের একটি সিনেমাকে কেন্দ্র করে এই অভিযোগ করেছে বিহারের বিশ্ব হিন্দু পরিষদ। সিনেমার নাম ‘লাভরাত্রি’। আর এই সিনেমার প্রযোজক সালমান।
দুর্গা পূজার মতো ধর্মীয় মহোৎসবকে ছোটো করার অভিপ্রায় নিয়েই এই সিনেমার নামকরণ করা হয়েছে। ভারতে দূর্গা পূজার রাতকে ‘নবরাত্রি’ বলা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের এই উৎসবকে ছোট করে দেখানোর জন্যই সিনেমার নাম ‘লাভরাত্রি’ দেয়া হয়েছে।
ভারতের বিহারের মোজাফফরপুরের সাবডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (পূর্ব) শৈলেন্দ্র রাই মিঠানপুর পুলিশ স্টেশনকে বাদির আরজি মামলা হিসেবে নেয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে ছবিটি নিয়ে যাতে কোনো বিতর্ক বা সংঘাত সৃষ্টি না হয় সে জন্যেই এর মুক্তির আগেভাগেই নাম বদলে দেওয়া হলো। ‘লাভরাত্রি’ হয়ে গেলো ‘লাভযাত্রী’।
এক টুইটার বার্তায় বুধবার (১৯ সেপ্টেম্বর) সালমান জানান, এখন থেকে ‘লাভরাত্রি’ নয়, ‘লাভযাত্রী’। বিষয়টি পরিষ্কার করতে ছবিটির নামের সংশোধিত বানান সম্বলিত একটি পোস্টারও জুড়ে দেন সালমান।
পরিচালক অভিরাজ মিনাওয়ালার ‘লাভযাত্রী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে আয়ুশ শর্মা ও ওয়ারিনা হোসেনের। আগামী ৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।











