মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জানেন হারিয়ে যাওয়া সেই সময়ের নায়িকারা এখন কোথায় কে কি করছেন

news-image

বাংলা সিনেমা জগত এক সময়ে বেশ সম্রিদ্ধশালী ছিল। কিন্তু মাঝে প্রায় ধ্বংসের মুখে পতিত হওয়ার পথে ছিল এই জগত। অশ্লীলতায় যেন ভরে গিয়েছিল ইন্ডাস্ট্রি। তবে আবার যেন ফিরতে শুরু করেছে ভালো দিন। তবে সেই সময়ে নায়িকাদের এখন আর তেমন একটা দেখা যায় না। বাংলা সিনেমা জগতে কত নায়িকা এসেছেন। আবার চলেও গিয়েছেন। মাঝখানে তৈরি করেছিলেন কিছু সম্ভাবনা। সেই সম্ভাবনাময়ী কয়েকজন নায়িকার খোঁজ আজ দেওয়া হলো। হয়তো এ সময়ে এসেও তারা নায়িকার চরিত্র করতে পারতেন। অথবা তাঁরা অভিনয়ে নিয়মিত থাকলে সিনেমা জগত থাকতো আরও উজ্জ্বল।

সাহারা: ২০০৪ সালে ‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রজগতে আত্মপ্রকাশ সাহারার। একসময় অশ্লীলতার তকমা গায়ে জড়িয়েছিলেন। মাঝে ভালো কিছু ছবিতে অভিনয় করে নিজেকে কিছুটা ধুয়েমুছে পরিষ্কার করে নিয়েছিলেন। ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়া আমার প্রিয়া’ চলচ্চিত্র বেশ ভালো ব্যবসা করেছে। ঢালিউডে শিল্পী সংকট উত্তরণে যথেষ্ট ভূমিকা রেখে এগোচ্ছিলেন এই নায়িকা। কিন্তু ২০১৩ সালে এক চিত্রপ্রযোজককে গোপনে বিয়ে করে চলচ্চিত্র থেকে স্বেচ্ছানির্বাসনে যান তিনি। বর্তমানে পুরোদস্তুর সংসারী।

কেয়া: চলচ্চিত্রের আরেকজন গ্ল্যামারগার্ল কেয়া। সিনেমায় এসে বেশ আলোচনা তৈরি করেছিলেন। কিন্তু বখাটেপনার কারণে আজ তিনি হারিয়ে। কালেভদ্রে ক্যামেরার সামনে দাঁড়ালেও ঘুরে দাড়ানোর সক্ষমতা হারিয়ে ফেলেছেন। গত ঈদে টিভি নাটকে অভিনয় করেছেন। তবে সেটাও আলোচিত কিছু নয়। কেয়াও পুরোপুরি হারিয়ে যাওয়ার অপেক্ষায় আছেন।

শিল্পী: ১৯৯৫ থেকে ২০০০ সাল- এই পাঁচ বছরে ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন দর্শকনন্দিত নায়িকা শিল্পী। তার পুরো নাম আঞ্জুমান আরা শিল্পী। মোহাম্মদ হোসেন প্রযোজিত রানা নাসের পরিচালিত ‘প্রিয়জন’ চলচ্চিত্রের কথা মনে করিয়ে দিলেই খুব সহজেই দর্শক শিল্পীকে মনে করতে পারেন। কারণ তিনি প্রয়াত অমর নায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করেছিলেন। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকেও ২০০০ সালে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন শিল্পী। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছে নায়করাজ রাজ্জাকের ‘প্রেমের নাম বেদনা’ এবং দেওয়ান নজরুলের ‘সুজন বন্ধু’। বহু নাটকেও অভিনয় করেন এ অভিনেত্রী। বর্তমানে অভিনয় ছেড়ে সংসার এবং দুই সন্তান ছেলে সানাদ ও মেয়ে অ্যাঞ্জেলিনাকে নিয়েই ব্যস্ত তিনি।

মুক্তি: অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তি। ‘শ্রাবণ মেঘের দিন’, ‘হাছন রাজা’ ও ‘চাঁদের আলো’ সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু একটা সময়ে কোথায় যেন হারিয়ে গেছেন। এরপর পাশ্বচরিত্রে কিছু সিনেমায় অভিনয় করলেও নিজের খ্যাতিটা আর তুঙ্গে তুলতে পারেননি এই অভিনেত্রী। শোনা গেছে তার মায়ের অভিনীত কিছু বিখ্যাত সিনেমা যেমন ‘শুভদা’,‘দেবদাস’, ‘নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমাগুলো রিমেক করবেন। ছবিগুলোতে তিনি নিজেই অভিনয় করবেন।

অন্তরা: ২০১৪ সালের ৮ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অন্তরার মৃত্যু হয় বলে জানানো হয়েছিল পরিবারের পক্ষ থেকে। পরবর্তীতে অন্তরার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছিলেন মা আমেনা খাতুন। ২০১৫ সালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অন্তরাকে হত্যার অভিযোগ এনে পিটিশন মামলা করেন তিনি। এরপর অন্তরার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সে মামলার কোন আগ্রগতি পরবর্তীতে জানা যায় নি। মূলত শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু তার। এরপর তিনি নায়িকা হিসেবে কয়েকটি ছবিতে অভিনয় করেন। এসবের মধ্যে প্রেমের কসম, লেডি র‌্যাম্বো , আমার মা, দোলন চাঁপা, শয়তান মানুষ, ফজর আলী আসছে ও নাগ নাগিনীর প্রেম উল্লেখযোগ্য।

সিমলা: প্রথম সিনেমাতেই বাজিমাত। আলেকজান্ডার বো এর বিপরীতে ‘ম্যাডাম ফুলি ‘ সিনেমার জন্য সে বছর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তার মধ্যে অনেকেই বাংলা চলচ্চিত্রে খ্যাতিমান কোন নায়িকার। বেশকিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু একটা সময়ে এসে খেই হারিয়ে ফেলে। সর্বশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামে একটি সিনেমা নিয়ে বহুদিন আলোচনা চলছে। কিন্তু তাঁর খোঁজ এখন আর মিডিয়া খুব বেশি রাখে না। তার স্বরুপে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। আমেরিকা টু বাংলাদেশের যাতায়াতের মধ্যেই আছেন। আমেরিকাতে গিয়ে কি করেন তার সঠিক তথ্য নেই। তবে তিনি বলে থাকেন পারিবারিক কাজে সেখানে অবস্থান করেন। সিমলাকে হারিয়ে যাওয়ার তালিকায় নিয়ে আসার কারন সে পথেই সে হাটছে।

এছাড়াও তালিকায় আছেন রেসি, শ্যামা, একা, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চি সহ আরও অনেকে। এরা সিনেমায় এসে কোনো না কোনো সময়ে দ্যুতি ছড়িয়েছেন। আবার কোথায় যেন হারিয়ে গেছেন।