মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নিখোঁজ’ দুই ভাইয়ের গুলিবিদ্ধ লাশ

news-image

যশোরে পৃথক স্থান থেকে গতকাল রবিবার আপন দুই ভাইয়ের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজিজুল হক (৪৫) ও ফারুক হোসেন (৫০) নামের এ দুজন শনিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল। তারা শার্শা উপজেলার জামতলা সামটা এলাকার মৃত জেহের আলীর ছেলে। গতকাল দুপুরে যশোর জেনারেল হাসপাতাল মর্গে মরদেহ দুটি শনাক্ত করেছেন তাদের অন্য ভাই সাইদুল ইসলাম।

পুলিশ জানায়, শার্শা উপজেলার ধানতারা এলাকায় একটি মেহগনিবাগানের ভেতর থেকে গতকাল সকাল ৯টার দিকে আজিজুল হকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। অন্য ঘটনায় কেশবপুর উপজেলার পুলেরহাট-কুমিরা সড়কের পাশে ধর্মপুর এলাকায় একটি ডোবায় এলাকাবাসী লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

শার্শা থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদার সাংবাদিকদের জানান, আজিজুল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত সাত-আটটি মামলা রয়েছে। মাদকের কারবার নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে দুই দল মাদক কারবারির বন্দুকযুদ্ধে সে নিহত হয়ে থাকতে পারে।

অন্যদিকে একই দিন সকালে কেশবপুর উপজেলার সাগরদাড়ি-চিংড়া সড়কের রামপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। কেশবপুর থানার ওসি মোহাম্মদ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের গলায় একটা দাগ রয়েছে। সেটা গুলির দাগ কি না, তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

নিহতদের ভাই সাইদুল জানান, তাঁর ভাই আজিজুল মাটি বিক্রির ব্যবসা করত। অনেক আগে বোমায় তার দুটি হাতই বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে আজিজুল ও তার বড় ভাই ফারুক একসঙ্গে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়। রাত ১০টা পর্যন্ত বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেও না পেয়ে থানার পুলিশকে বিষয়টি জানানো হয়। অবশেষে গতকাল সকালে শার্শায় প্রথমে আজিজুল ও পরে কেশবপুরে ফারুকের লাশ পাওয়া যায়।

বাগআঁচড়া তদন্ত ফাঁড়ির হুমায়ুন কবির জানান, গতকাল ভোরের দিকে পশ্চিম কোটা রাস্তার পাশে মেহগনিবাগানে দুই দল মাদক কারবারির মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আজিজুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তার মাথায় গুলি লাগার চিহ্ন রয়েছে। তার দুটি হাত আগে থেকেই ছিল না। ১৯৯৩ সালে বোমা বানাতে গিয়ে তার হাত দুটি উড়ে যায়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।