ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে আহত অর্ধশত, ৪০ দোকান, বাড়িঘর ভাংচুর ও লুটপাট
নিজস্ব প্রতিবেক : শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষের সময় ৪০টি বাড়িঘর দোকানপাট ভাংচুর ও লুটপাট চালায় দাঙ্গাবাজরা। জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় শরীপুর এলাকার প্রবাসী মোহাম্মদ আলী মিয়ার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী লিলি আক্তার (১২) কে একই শ্রেণীতে পড়ুয়া পীরবাড়ির এলাকার মুহিত মিয়ার ছেলে কাউসার মিয়া (১২) উত্যক্ত করে। এসময় শরীফপুর এলাকার লোকজন তাকে আটক করে। খবর পেয়ে পীরবাড়ি এলাকার লোকজন কাউছারকে ছাড়িয়ে আনতে শরীফপুরে যায়। এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির পর কাউসারকে ছেড়ে দেয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত ও পীরবাড়ি এলাকার ১০টি দোকান ভাংচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৭ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার জের ধরে শনিবার সকাল সাড়ে ৯টায় পীরবাড়ি বাজারে একটি সালিশে বসে। সালিশে উভয়পক্ষের লোকজন কথাকাটির এক পর্যায়ে পুনরায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে শরীফপুরের লোকজন প্রতিপক্ষের ব্যবস্যা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা চালায়। হামলায় পীরবাড়ি বাজারের জিলু মিয়ার তানিয়া সুজ ও রাফি টেলিকম, মুহিদ মিয়া প্রভাতী সুজ ও কামাল মিয়ার কামাল সুজ, আউয়াল মিয়ার মার্কেটের ৬টি দোকান, রৌফ মিয়ার ২টি, জিল্রু মিয়ার মার্কেটের ১০টি দোকানসহ ৪০টি বাড়িঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় দাঙ্গাবাজরা। এসময় ১০জন আহত হয়। তাদের বাড়ি থেকে স্বর্ণালংকার, টাকা পয়সা লুটে নিয়ে যায়। হামলায় পীরবাড়ি এলাকার ৮০ বছর বয়সের এক বৃদ্ধা আওলিয়া বেগমের বাড়িতে ভাঙ্গচুর চালিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত মামুন (২৮), আয়েশা বেগম (৩৫), দিদারকে (২৬) ও আউলিয়া বেগমকে (৮০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে আউলিয়া বেগমকে পাঠানো হয়। তার অবস্থা বর্তমানে আশংকাজনক। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, মেয়ে উত্তক্তের ঘটনায় দুই দিন ধরে সংঘর্ষ হয়। ৮জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে সদর উপজেলার চান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ২০জন আহত হয়েছে। জানা যায়, শুক্রবার রাতে চান্দি মসজিদ মাঠে মাহফিলে কথা বলায় আমেরি বাড়ি ও ওয়াজের বাড়ির লোকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উভয়পক্ষের লোকজন অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের ২০জন আহত হয়। আহতদের মধ্যে শরীফ মিয়া (১২), আলমগীর হোসেন (৩৫), অলিউর রহমান (৭০), অহিদ মিয় (৩৫), হৃদয় (১৮), শাহাদাত (২৮), বাবুল মিয়া (৪৫), কাউসার (৪২), শিশু মিয়া (৪৫), শাহজান মিয়া (৪৫), পলাশ (১২), সুফিয়া বেগম (৫৫)কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।











