বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তফ্রন্ট ও গণফোরাম জাতির এই ক্রান্তিলগ্নে এক সঙ্গে কাজ করবে : বি চৌধুরী

news-image

নিউজ ডেস্ক।। যুক্তফ্রন্ট ও গণফোরাম একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে এ কথা জানান বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ঢাকার বেইলি রোডে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় ‘জাতীয় ঐক্য’র বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এসব কথা বলেন।

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে এক সঙ্গে আমরা কাজ করার এই সিদ্ধান্ত নিয়েছি। এই লক্ষ্যে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। তাঁরা পরবর্তী কর্মসূচি বিষয়ে জানাবে। তবে বৈঠকে বিএনপির বিষয়ে কোনো আলোচনা হয়নি।’

এ সময় বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, আগামী ২২ সেপ্টেম্বর তারা সমাবেশ করবেন।

চার সদস্যর কমিটির সদস্যরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের নেতা জাহিদুর রহমান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বিকল্পধারা মহাসচিব আবদুল মান্নান।

এর আগে রাত আটটার দিকে ড. কামাল হোসেনের বাসায় ‘জাতীয় ঐক্য’ গড়ার লক্ষ্য বৈঠকে বসেন যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা। তাঁদের সঙ্গে ছিলেন বিএনপির সঙ্গে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় সমন্বয়ের দায়িত্বে থাকা ডা. জাফরুল্লাহ। বৈঠকে ড. কামাল হোসেন এবং যুক্তফ্রন্টের তিন দল বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ ছিলেন।

কয়েক মাস ধরেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কথা বলে আসছিলেন ড. কামাল হোসেন। গণফোরাম ও যুক্তফ্রন্ট এ ব্যাপারে এগিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে বিএনপিও বৃহত্তর ঐক্য গড়ার কাজ করে আসছে। তবে বিএনপি নেতৃত্বাধীন জোটে জামায়াতে ইসলামী থাকার কারণে অনেক দলই বিএনপির সঙ্গে ঐক্য প্রক্রিয়ায় যেতে চায়নি। তবে এখন ২০-দলকে আলাদা রেখে বিএনপি অন্য দলগুলোর সঙ্গে ঐক্য প্রক্রিয়ায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও আজকের বৈঠকে বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত কোনো নেতা নেই।

বিএনপির একটি সূত্র বলছে, ডা. জাফরুল্লাহ অনেক দিন থেকেই বর্তমান সরকারের বাইরে থাকা দলগুলো নিয়ে বৃহত্তর ঐক্য গড়তে কাজ করে যাচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি সরাসরি দেখভাল করছেন।

সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় মহাসচিবকে দল ও জোট ঠিক করে বৃহত্তর ঐক্য গড়ার ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। উৎস: আমাদের সময়.কম।