‘ভাইদের রেখে বাড়িতে ভালো খাবার মুখে যায় না’
ডেস্ক রিপোর্ট : ঈদুল আজহার দিন ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করেন স্বজনরা। তাদের জন্য বাড়ি থেকে নিয়ে আসেন নানা পদের খাবার। কেন্দ্রীয় কারাগারে এমন চিত্রের দেখা মিলেছে। দুই ভাইয়ের জন্য গরুর মাংস, পোলাও ও সেমাই রান্না করে রাজধানীর মোহাম্মদপুর ক্যাম্প এলাকা থেকে আসেন পারভীন। তিনি বলেন, ‘ভাইদেরকে কী মামলায় পুলিশ কারাগারে পাঠিয়েছে, তার কিছুই জানি না। তাদের রেখে বাড়িতে ভালো খাবার মুখে যায় না। তাই ভাইদের জন্য এখানে খাবার নিয়ে আসা।’
রাজধানীর কদমতলী থানার একটি মাদক মামলায় কারাগারে বন্দি ছেলে আনার হোসেনের জন্য মা আনোয়ারা বেগম গরুর গোশত, খিচুড়ি ও সেমাই রান্না করে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘কদমতলী থানা পুলিশের একটি মিথ্যা মামলায় আমার ছেলে এই কারাগারে বন্দি আছে। ছেলেকে রেখে কীভাবে ঈদের দিন আমি বাড়িতে ভালো খাবার খাই। ’
যাত্রাবাড়ী থানার মাদক মামলায় কারাগারে বন্দি স্বামী মো. সুমনের জন্য দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে আসা মুন্নি বেগম শুঁটকির ভর্তা, কালিজিরার ভর্তা, গরুর গোশত ভুনা ও সেমাই রান্না করে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘স্বামীর জন্য খাবারগুলো পাঠিয়ে দিতে পেরে খুব আনন্দ লাগছে।’
৯ মাস যাবত কারাগারে আটক ছেলে নাদিমের জন্য সেমাই, পোলাও, পরাটা ও গরুর গোশত নিয়ে এসেছেন বাবা সিদ্দিক। তিনি বলেন, ‘ঈদের দিন মন মানে না। তাই ছেলের জন্য এসব খাবার রান্না করে নিয়ে এসেছি।’
রাজধানীর মুগদা থানার একটি মাদক মামলায় কারাগারে বন্দি বাবা আজিজুল সরদারের জন্য মেয়ে পারভিন গরুর গোশত, ভর্তা ও খিচুড়ি রান্না করে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘ঈদের দিন বাবাকে রেখে আমরা বাড়িতে ভালো খাবার-দাবার কেমনে খাই।’
কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে বন্দিদের খাবার দেওয়ার পাশাপাশি তাদের নামে প্রিজোনার ক্যাশের মাধ্যমে টাকাও পাঠান স্বজনরা।
প্রিজোনার ক্যাশের দায়িত্বরত কারারক্ষী নাজমুল হুদা বলেন, ‘কারাগারের ভেতর একটি ক্যান্টিন আছে। স্বজনরা টাকা পাঠালে সে টাকা বন্দিদের হাতে যাওয়ার কোনও সুযোগ নেই। বন্দিরা ক্যান্টিনে কোন ওখাবার খেলে তাদের স্বজনদের পাঠানো টাকা থেকে কাটা হয়। আজকে প্রিজোনার ক্যাশের মাধ্যমে বন্দিদের স্বজনেরা প্রায় ১ লাখ টাকা পাঠিয়েছেন।’
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর চৌধুরী বলেন, ‘সবাই কোরবানির ঈদ নিয়ে ব্যস্ত থাকায় দর্শনার্থী ও স্বজনদের আগমন অন্যান্য দিনের চেয়ে একটু কম। আশা করছি বৃহস্পতিবার বাড়বে।’ বাংলা ট্রিবিউন











