ফেসবুকে গুজব শক্ত হাতে দমন করতে হবে : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ফেসবুক-সামাজিক যোগাযোগ মাধ্যমের জানালা খোলা থাকবে। আর এজন্য মিথ্যাচার ও গুজব রটনাকারীদের শক্ত হাতে দমন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার রাজধানীর কাকরাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার হলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম সেন্টার, বাংলাদেশ আয়োজিত ‘ফেসবুকে গুজব এবং গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ইনু বলেন, ‘সামাজিক গণমাধ্যম কখনোই গুজব রটনা বা মিথ্যাচারের হাতিয়ার নয়। সামাজিক গণমাধ্যমকে রক্ষার জন্যই যারা এর অপব্যবহার করে, তাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুনীতি অবলম্বন আবশ্যক।’
গণতন্ত্র ও গণমাধ্যমবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি গুজব রটনা ও মিথ্যাচারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘অপরাজনীতির এই জঘন্য হাতিয়ার দিয়ে একাত্তরের গণহত্যাকে জায়েজ করার চেষ্টা, গণহত্যার পক্ষে সাফাই গাওয়া, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যা ও অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে বৈধ বা হালাল করার অপচেষ্টা করা হয়েছে। এমনকি একুশে আগস্টের গ্রেনেড হামলার পরও শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে বোমা ছোঁড়া হয়েছে বলে গুজব রটানো হয়। আর জঙ্গি হামলা ও আগুন সন্ত্রাসকেও মিথ্যাচারের মাধ্যমে হালাল করার চক্রান্ত আমরা দেখতে পাই।’
ইনু বলেন, ‘গণতন্ত্রের শত্রুরা এখনো একই কৌশল অবলম্বন করছে। তারা এখন আশ্রয় নিচ্ছে সামাজিক গণমাধ্যমের। একটি মহল বা কতিপয় ব্যক্তি, যারা নীতিগতভাবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ও একাত্তরের খুনীদের পক্ষে অবস্থান নিয়েছে, এরা হচ্ছে একটা সিন্ডিকেটেড বা সংগঠিত চক্র। এদের দমন করার বিকল্প নেই।’
পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাংবাদিক সৈয়দ ইসতিয়াক রেজা, আশিষ কুমার, রাশেদ আহমেদ, দীপ আজাদ প্রমুখ।











