ওয়ারীতে সন্ত্রাসীদের গুলি, ওয়ার্ড যুবলীগ নেতাসহ আহত ৩
অনলাইন ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার ওয়ারীর দক্ষিণ মুহসেন্দি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ওর্য়াড যুবলীগের দুই নেতা সহ ৩ জন আহত হয়েছে।
আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত ৯ টার দিকে দক্ষিণ মুহসেন্দীর সেতুবন্ধন ক্লাবের পাশে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, ৪১ নম্বর ওর্য়াডের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল (৩২), তিনি বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। একই ওর্য়াডের ৩ নং ইউনিটের সভাপতি মোঃ রবিন (৩৫)। তার ডান পায়ে গুলি লেগেছে। যুবলীগ কর্মী মোঃ কাজল (৩৭), তার বাম পায়ের উরুতে গুলি লেগেছে।
আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তাদের বন্ধুরা।
আহত রবিন জানান, দক্ষিণ মুহসেন্দির একটি মাংসের দোকানের সামনে বসে কয়েকজন মিলে কথাবার্তা বলছিলাম। হঠাৎ মুখোশধারী ৫/৬ জন যুবক এসে কোনো কিছু বুঝে উঠার আগেই গুলি চালায়।
তিনি আরো বলেন, ঘটনার পরে তারা ফাকা গুলি করতে করতে চলে যায়।
তবে কি কারণে কারা গুলি চালিয়েছেন, সে ব্যাপারে কিছুই বলতে পারেননি।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ( এ এস আই) মোঃ বাচ্চু মিয়া।
তিনি বলেন, তিন জন গুলিবিদ্ধ হয়ে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।











