পিট-জোলির পাল্টাপাল্টি অভিযোগ
বিনোদন ডেস্ক : বিচ্ছেদের পর সন্তানদের ভরণপোষণ ঠিকভাবে দিচ্ছেন না হলিউডের অন্যতম শীর্ষ অভিনেতা ব্রাড পিট- এমনটিই দাবি করেছেন তার সাবেক স্ত্রী হলিউডের আরেক তারকা অ্যাঞ্জেলিনা জোলি। জোলির দাবি, সন্তানদের প্রতি দায়িত্ববান ছিলেন না পিট, নেই এখনও। বাবা হিসেবে সন্তানদের দেখভালের যে দায়িত্ব, সেটা পালন করেননি তিনি । এ ছাড়া একদিন প্লেনে সন্তানদের সঙ্গে নৃশংস আচরণ করেন পিট। শিশুদের প্রতি যার ভালোবাসা নেই, সে আর যাই হোক আদর্শ পিতা হতে পারে না। তার হাতে শিশুদের ভবিষ্যতের দায়িত্বও ছাড়া যায় না বলেও পিট সম্পর্কে মন্তব্য জোলির।
জোলির এমন অভিযোগের পরই প্রতিবাদ প্রতিবাদী হয়ে ওঠেন পিট। জানান, জোলির এসব কথা মিথ্যা। বেনজামিনখ্যাত এ অভিনেতা জোলির আবদার রাখতে গিয়ে ঋণের জালে আটকে গেছেন বলে মন্তব্য করেন।
মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস আদালতে নিজের আইনজীবীর মাধ্যমে পিট জানান, বিচ্ছেদের পর ছেলে-মেয়েদের দেখভাল নিয়ে জোলি যে অভিযোগ করছেন তা তো সঠিক নয়ই, বরং জোলির জন্যে ঋণের জালে জড়িয়ে পড়েছেন তিনি।
‘ব্র্যাঞ্জেলিনা’ সংসার ভেঙ্গে যাওয়ার পর ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ১ দশমিক ৩ মিলিয়ন ডলারের বেশি জোলি ও ছয় বাচ্চার বিভিন্ন আবদার মেটাতে খরচ করেছেন বলে দাবি করেন পিট। বিশেষ করে জোলির জন্যে নতুন বাড়ি কিনতে পিটকে আট মিলিয়ন ডলার ঋণ করতে হয়েছে বলেও জানান তিনি।
তবে পিটের এমন দাবি উড়িয়ে দিয়েছেন জোলির আইনজীবী। তিনি বলেন, পিট যে ঋণের কথা বলছেন সেই ঋণের সুদ শোধ করতে হয় ‘সল্ট’-অভিনেত্রী জোলিকেই।পাশাপাশি সন্তানদের অধিকাংশ খরচও জোলি মেটাচ্ছেন।











