মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে সরাতে ‘জুডিশিয়াল ক্যু’ করার ষড়যন্ত্র হয়েছিল : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব থেকে সরাতে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দিয়ে ‘জুডিশিয়াল ক্যু’ করার ষড়যন্ত্র হয়েছিল। এই ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত তাদের সকলের নাম আমাদের জানা আছে। এই ষড়যন্ত্রকারী কারা তাদের নাম বলুন-আইনজীবীদের এই দাবির মুখে আইনমন্ত্রী বলেন, ড. কামাল হোসেনকে আপনারা চিনেন না? এই ড. কামাল হোসেন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার পক্ষে প্রতিবাদ না করায় বিচারকদের বকাঝকা করেছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ বুধবার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে এই সভা হয়।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য আপিল বিভাগে এডহক ভিত্তিতে দুইজন বিচারক নিয়োগের জন্য সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদকে অনুরোধ করেছিলাম। কিন্তু তা করেননি। অথচ বঙ্গবন্ধুর খুনী ডালিমের স্ত্রীর লাশ আনতে বিমানবন্দরে পাঠানো হয়েছিল তখনকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে। এভাবেই বাংলাদেশকে অপমান করা হয়েছে। অথচ এই মওদুদ আহমদ সাহেব বলে বেড়াচ্ছেন আমাদের ডিজিটাল বাংলাদেশের দরকার নাই। আমাদের সেইভ বাংলাদেশ দরকার। আমি বলতে চাই, উনাদের সেইভ বাংলাদেশের নমুনা হলো হত্যার বিচার হবে না, আর ক্যান্টনমেন্টে প্রত্যেক শুক্রবার হত্যাযজ্ঞ চলবে। এটা হচ্ছে উনাদের সেইভ বাংলাদেশের নমুনা। আর ডিজিটাল বাংলাদেশ হলে বাংলাদেশ পাকিস্তান থেকে উন্নত হয়ে যাবে। তাহলেতো উনাদের ঘুম হবে না।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত হয়েই যাচ্ছে। এটা ঠেকাতে প্রথম ষড়যন্ত্র হলো জুডিশিয়াল ক্যু করে বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব থেকে শেখ হাসিনাকে সরানো যায়। আপনারা দেখেছেন প্রথমে শ্রীলংকায় রাজা পাকসে তাদের দেশের প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলেন। তখন রাজা পাকসেকে নেমে যেতে হয়েছে। তারপরে সেটা গেছে পাকিস্তানে। সেখানে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নামিয়ে দিয়েছে সেদেশের প্রধান বিচারপতি। তার পরে নেপাল। এরপর আমাদের এখানে সাবেক প্রধান বিচারপতি সিনহা সাহেবকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের সকলের নাম কিন্তু আমরা জানি। আপনারাতো চিনবেনই। এ সময় সামনে বসা আইনজীবীরা সমস্বরে ষড়যন্ত্রকারীদের নাম জানতে চান। জবাবে তিনি(আইনমন্ত্রী) বলেন, ড. কামাল হোসেনকে আপনারা চিনেন না। তাহলে, আর কি। এই ষড়যন্ত্র বিফলে গেছে।

আনিসুল হক বলেন, আমাকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বর্তমান বিচারকরা বলেছেন, তারা একটা অনুষ্ঠানে তাকে (ড. কামাল হোসেন) ডাকতে গিয়েছিলেন। তখন ড. কামাল হোসেন তাদের বকাঝকা করেছে। কেন তারা(বিচারপতি) প্রতিবাদ করেননি, কেন সিনহাকে সরানো হয়েছে।

তিনি আরো বলেন, কোটা সংস্কারের আন্দোলনের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুহুর্তে শুনেছেন, তিনি বলেছেন, কোটার ব্যাপারে যদি অন্য রকম কিছু হয়ে থাকে, তাহলে আমি নিশ্চয় দেখব। দরকার হলে কোটা সম্পূর্ণ বাতিল করে দেব। তারপরেতো আন্দোলনের কোনো প্রয়োজন হয় না। অথচ এই আন্দোলন যাতে চলমান থাকে, এই আন্দোলনের ঘোলাপানিতে মাছ শিকার করা যায় সেজন্য এই কামাল হোসেন, ইউনুছ(ড. মুহাম্মদ ইউনুছ), খালেদা জিয়ার সহযোগিরা এটার মধ্যে নাক গলানো শুরু করে।

আইনমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা হয়েছে। ছাত্ররা রাস্তায় নেমেছে, তাদের যৌক্তিক দাবি সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মেনেছেন। তারাও (শিক্ষার্থী) ফিরে যেতে চেয়েছে এবং তারা ফিরে গেছে। এরমধ্যেও একটা ষড়যন্ত্র হয়েছে, সরকারকে ফেলে দিতে হবে।

এদিকে বঙ্গবন্ধু হত্যার কথা তুলে ধরে তিনি বলেন, অনেকেই বলে থাকেন বঙ্গবন্ধুকে ৭১ সালের পরাজিত শক্তি রাজাকার, আলবদররা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। এটা কি সত্যি? ইতিহাস কিন্তু তা বলে না। ইতিহাস বলে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল এই আওয়ামী লীগের কিছু কুচক্রী নেতা। তার মানে মীর জাফর আমাদের মধ্যে ছিল। এই মীর জাফর আমাদের মধ্যে না থাকতো তাহলে ওই ৭১ এর পরাজিত শক্তি বঙ্গবন্ধুর গায়ে হাত দেওয়ার ক্ষমতা রাখতো না। তাই এখন বলবো, আমরা যারা আছি তারা কি বঙ্গবন্ধুর প্রতি ঋণ শোধ করতে পেরেছি? পারিনি।

তিনি আরো বলেন, এই হত্যার ২১ বছর পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু হত্যার এজাহার হয়নি। ১৯৯৬ সালে শেখ হাসিনাকে আসতে ক্ষমতায় আসার পর মামলার এজাহার করেছেন তিনি, তিনিই মামলা বিচার করিয়েছেন। বিচার শেষ করেছেন। বিচার শেষে রায় কার্যকর করেছেন। তাহলে আমরা কি করেছি। আমরাতো সুবিধা ভোগ করেছি। কালের কন্ঠ