হারানোর বেদনা আমার থেকে বেশি কেউ জানে না: প্রধানমন্ত্রী
আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফেরাতে তাদের অভিভাবকদের প্রতি অনুরোধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর কোনো মায়ের কোল খালি হোক সেটা আমরা চাই না। আর কোনো পিতামাতা যেনো সন্তান হারা না হয়। কেবল মাত্র আমার ছোট বোনকে ছাড়া আমি আমার পরিবারের সবাইকে হারিয়েছি। যেহেতু আমি আমার অাপনজন হারিয়েছি, সেই ব্যথা কষ্ট আমি বুঝি। হারানোর বেদনা আমার থেকে বেশি কেউ জানে না।
রোববার গণভবন থেকে ১০ জেলার ৩০০ ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যথেষ্ট হয়ে গেছে আর না। এখন ঘরের ছেলে-মেয়ে ঘরে ফিরে যাবে এবং লেখাপড়া শেখাটা তাদের সব থেকে জরুরি। আমি শিক্ষার্থীদের বাবা-মায়ের কাছে এবং শিক্ষকদের কাছে অনুরোধ করব আমাদের কোমলমতি ছেলেমেয়েদের আর যেনো ব্যবহার করা না হয়।
শেখ হাসিনা প্রত্যেককে অনুরোধ করেন যার যার নিজ নিজ এলাকায় কোমলমতি শিশুদেরকে রাস্তা থেকে সরিয়ে নিতে। নইলে অগ্নি সন্ত্রাসীরা যেকোনো ধরনের অঘটন ঘটাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
জাতির পিতাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, পচাত্তরে জাতির পিতাকে হত্যা করে কেবল মাত্র একজন ব্যক্তিকে বা একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয়নি। একটা আদর্শকে হত্যা করা হয়েছিল, পুরো মুক্তিযোদ্ধার ইতিহাসকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমাদের মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে বিপথে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখান থেকে তাদেরকে আজকে আমরা ফিরিয়ে এনেছি। গত নয় বছরে আমরা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পেরেছি।











