শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিভলবার-গুলিসহ মাদক সম্রাট আনিছ গ্রেপ্তার

Brahmanbaria Pic-05আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট আনিছুর রহমান প্রকাশ খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ২০টি ককটেল, দুটি রামদা, একটি ছুরি এবং ১০০ পিস ইয়াবা ও ২৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজ পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েকটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনিছের অবস্থান নিশ্চিত হয়ে সদর মডেল থানার পুলিশ তার বাড়িটি ঘিরে ফেলে। পরে রাত সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার জানান, আনিছ  গ্রেপ্তারী পরোয়ানার আসামি। তার বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দেয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য আনিছুর রহমান খোকন শহরের শীর্ষ সন্ত্রাসী ও জনতার গনপিটুনীতে নিহত দিদারের বড় ভাই ও কলেজ পাড়ার লুৎফুর রহমানের বড় ছেলে। ব্রাহ্মণবাড়িয়া শহরে বিশাল মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছিল আনিছ। তার গ্রেফতারের খবরে এলাকার মানুষ স্বস্তির নিশ্বাস ফেলে।