ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের দাবীতে মহাসড়ক অবরোধ
প্রতিনিধি : শনিবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিসিক এলাকায় গ্যাস সংযোগ দাবীতে সড়ক অবরোধ করেছে সর্বদলীয় ঐক্যজোট ব্যানারে এলাকাবাসী। জানা যায়, সকাল ১০টার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নবাসীর কয়েক হাজার নারী-পুরুষ ও স্কুলের শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শিল্পনগরী বিসিক এলাকায় পৌছে সড়ক অবরোধ করে। এসময় মহাসড়কের উভয়পার্শ্বে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে আধাঘন্টা পর অবরোধকারীদের সরিয়ে দেয়। পরে বিক্ষোভকারীরা মানববন্ধন ও সমাবেশ করে। বক্তব্য রাখেন সর্বদলীয় ঐক্যজোটের আহবায়ক তৈয়বুর রহমান, একেএম নুরুল হাসান আলম, ওবায়দুল ইসলাম, আব্দুর রহমান মাষ্টার, আব্দুল হক প্রমুখ। বক্তারা জানান, তিতাস গ্যাসের অধিকাংশ কূপ বুধল ইউনিয়ন এলাকায়। তাই অগ্রাধিকার ভিত্তিতে গ্যাসের দাবী আমাদের। তাই অবিলম্বে আমাদের গ্যাসের সংযোগ দিতে হবে।











