আগামী ৩ বছরে সকল উন্নয়ন সম্পন্ন করবো -আইনমন্ত্রী
শেখ কামাল উদ্দিন : আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দেশ দিয়ে গেছেন তা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তিনি সকলকে আন্তরিকভাবে দেশ মাতৃকার কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আমি আপনাদের সেবা করতে এসেছি শোষণ করতে চাইনা। আমি সেই দিন শান্ত হব যেদিন আমার কাছে আপনাদের কোন দাবী-দাওয়া থাকবে না। তিনি বলেন, আগামী ৩ বছরে এ উপজেলায় ১৫০ কোটি টাকার উন্নয়ন কাজ হবে। তিনি উপজেলার প্রতিটি গ্রাম বিদ্যুতায়নের আওতায় আনা হবে বলে ঘোষণা দেন। তিনি অনুষ্ঠানে আনীত দাবী-দাওয়াগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। মন্ত্রী শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে উপরোক্ত মন্তব্য করেন।
তিনি আরো বলেন, বিএনপি আমলে এক মেগাওয়াট বিদু্ৎ উৎপাদনও বাড়েনি। আওয়ামীলীগ রেকর্ড পরিমান বিদ্যুৎ উৎপাদন করেছে। বর্তমানে দেশে ৭ হাজার ৬শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং বিদ্যুৎ সেক্টরের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
শুরুতে মন্ত্রী উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর, মানিক্যমুড়া, দূর্গাপুর ও গোপীনাথপুর গ্রামে ৭৮ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে পৌনে ৬ কিলোমিটার এলাকায় বিদ্যুতায়ন সংযোগ উদ্বোধন করেন। ফলে ২৫৬টি পরিবার অন্ধকার থেকে আলোকিত হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আবদুল ওয়ারিদ ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মকবুল হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মো. মানিক মিয়ার নেতৃত্বে শতাধিক নেতা কর্মী মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভূইয়ার সভাপতিত্বে বিশাল জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ এমদাদুল বারী, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, আইন মন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী এডভোকেট মো. রাশেদুল কায়সার জীবন, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামীলীগ নেতা এমজি হাক্কানী, অধ্যক্ষ মো. আকরাম খান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা. আবদুল কাদির ও এডভোকেট শিপন মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শহিদুল্লাহ। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নাবিলা আক্তার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ এমরান উদ্দিন জুয়েল। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলামের মায়ের কূলখানি শাহপুর গ্রামের বাড়ির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।











