ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিস দালাল চক্রের হাতে জিম্মি
দালাল চক্রের হাতে চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস। প্রতিদিন জেলার ৯টি উপজেলার মানুষ পাসপোর্ট করতে এসে দালালদের খপ্পরে পড়ছে আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এতে গ্রামগঞ্জ থেকে আসা মানুষের ভোগান্তির শেষ নেই। তবে পাসপোর্ট সংশ্লিষ্টরা জানান, দালালদের অপ-তৎপরতা রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে।
প্রতিদিন গড়ে ১শ’ ৩০ থেকে ১শ’ ৪০ জন পাসপোর্ট প্রত্যাশী ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন। সরকারী বিধি মোতাবেক সাধারণ পাসপোর্ট এর জন্য ৩ হাজার টাকা এবং খুব জরুরী হলে ৬ হাজার টাকা ব্যাংকে জমা দিতে হয়। তবে ভুক্তভোগীদের অভিযোগ পাসপোর্ট অফিসের আশপাশে ফাঁদ পেতে থাকে দালাল চক্র। আর লেখাপড়া কম জানার কারনে গ্রামের মানুষ এ দালাল চক্রের ফাঁদে পা দিচ্ছে। এতে অতিরিক্ত অর্থের পাশাপাশি সঠিক সময়ে পাসপোর্ট পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস সহকারী পরিচালক রাজ আহমেদ বলেন, পাসপোর্ট অফিসের ভিতরে দালালদের কোনো অস্তিত্ব নেই। কারন সব সময় এখানে ডিবি পুলিশ ও র্যাব টহল দিয়ে থাকে।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পাসপোর্ট অফিসের আশপাশে দালাল চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
২০১০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের ৪ টি কক্ষে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়। আর এ পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৪৩০টি পাসপোর্ট প্রদান করা হয়েছে।











