রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনে বরকত ও উন্নতির উপায়

news-image

আল্লাহ পৃথিবীকে বান্দার বাসস্থান বানিয়েছেন৷ তাতে বরকত ও সমৃদ্ধি দান করেছেন৷ তিনি বলেন, ‘তিনি ভূপৃষ্ঠে অটল পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত বা কল্যাণ রেখেছেন৷’ (সূরা হা-মিম সাজদা, আয়াত : ১০)৷ আল্লাহ তাঁর নবীদের নির্বাচন করে তাদের জীবন ও কর্মে বরকত ও সমৃদ্ধি দানের মাধ্যমে অনুগ্রহ করেন৷ নূহ (আ.) সম্পর্কে আল্লাহ বলেন, ‘বলা হল, হে নূহ! আমার পক্ষ হতে শান্তি ও কল্যাণসহ অবতরণ কর৷’ (সূরা হুদ, আয়াত : ৪৮)৷ ঈসা (আ.) সম্পর্কে তিনি বলেন, ‘আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন৷’ (সূরা মারইয়াম, আয়াত : ৩১)৷ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বকরত সুবিদিত ও প্রতিষ্ঠিত৷ সাহাবায়ে কেরাম তা স্বচক্ষে দেখেছেন৷ কুরআনের অনুসরণ ও তদনুযায়ী আমলের মধ্যে বরকত নিহিত আছে৷

আল্লাহ বলেন, ‘এই কিতাব যা আমি নাজিল করেছি তা বরকতময়৷ সুতরাং তোমরা তার অনুসরণ কর এবং সাবধান হও, তোমাদের প্রতি দয়া করা হবে৷’ (সূরা আনআম, আয়াত : ১৫৫)৷ বরকত অর্থ হলো সমৃদ্ধি ও উন্নতি৷ তা অল্প কিছুতে অন্তর্ভুক্ত হলে তাকে বৃদ্ধি করে দেয়৷ কোনো স্থানে তা অবস্থিত হলে সেখানে তার প্রভাব প্রকাশ পায়৷ তার কল্যাণধারা প্রবাহিত হয়৷ সম্পদ, সন্তান, সময়, জ্ঞান, কাজ ও অঙ্গপ্রত্যঙ্গে তার সুফল ও উপকারিতা ছড়িয়ে পড়ে৷

আল্লাহ তায়ালা কাবাঘর, পবিত্র মদিনা, মসজিদে আকসা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বরকত বরকত দান করেছেন৷ আল্লাহ বলেন, ‘নিশ্চয় মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা তো মক্কায় অবস্থিত৷ তা বিশ্বজগতের জন্য বরকতময় ও পথের দিশারী৷’ (সূরা আলে ইমরান, আয়াত : ৯৬)৷ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হে আল্লাহ, আপনি মক্কায় যে বরকত দান করেছেন তার দ্বিগুন মদিনায় দান করুন৷’ আল্লাহ এরশাদ করেন, ‘পবিত্র ও মহিমাময় তিনি যিনি তাঁর বান্দাকে রজনীতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত৷ যার পরিবেশ আমি বরকতময় করেছি, তাঁকে আমার নিদর্শন দেখাতে৷’ (সূরা ইসরা, আয়াত : ১)৷

আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে বরকত দান করেছেন৷ ফলে তার উম্মত উন্নতি ও অগ্রগতি সাধন করে সব উম্মতকে ছাড়িয়ে গেছে৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘একটি বৃক্ষ আছে যার পাতা পড়ে না৷ সে গাছটি মুসলমানের ন্যায়, তোমরা আমাকে বল তো, সেটি কোন গাছ? তখন সবাই গ্রামাঞ্চলের বৃক্ষ নিয়ে ভাবতে লেগে গেল৷ তারপর তারা বলল, আপনিই বলে দিন তা কোন গাছ! তিনি বললেন, তা খেজুর বৃক্ষ৷’ মুসলমান যেখানেই যাবে সে বরকত অনুসন্ধান করবে৷ যাতে সে বরকত তার দেহ, জীবন, সন্তানাদি ও তার চারপাশের সব কিছুকে ঘিরে রাখে৷ ফসলের সময় হলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা নিয়ে আসা হত৷ তখন তিনি বলতেন, ‘হে আল্লাহ, আপনি আমাদের এ নগরীতে বরকত দান করুন, আমাদের এ ওজনের পাত্রে ও মুষ্ঠিতে বরকত দান করুন৷ আমাদের নগরীকে সমৃদ্ধি দিন৷ এক বরকতের সঙ্গে দুটি বরকত দান করুন৷’

সব সময় আল্লাহর জিকির করে এবং সূরা বাকারা তেলাওয়াত করে মুমিন ব্যক্তি তার গৃহে বরকত বয়ে আনবে৷ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘পুরুষ তার ঘরে প্রবেশ এবং খাবার খাওয়ার সময় আল্লাহর জিকির করলে শয়তান বলে, তোমাদের সঙ্গে না ঘুমে শরিক হতে পারব, না রাতের খাবারে৷’ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা সূরা বাকারা পড়, কেননা তা গ্রহণ করলে বরকত হয়, বর্জন করলে অনুশোচনা করতে হয়৷ তবে ভ্রান্তরা তা করতে পারে না৷’ সব সময় ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করলে বরকত অবতীর্ণ হয়৷

নূহ (আ.) এর প্রার্থনা প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘বলেছি, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর, তিনি তো ক্ষমাশীল৷ তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী-নালা৷’ (সূরা নূহ, আয়াত : ১০-১২)৷

মুমিন ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজের প্রতি যত্নশীল হয়ে বরকত তালাশ করবে৷ কেননা তাতে প্রভাতকালীন বরকত ও কল্যাণ লাভ করার বিরাট সফলতা নিহিত আছে৷ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘হে আল্লাহ, আমার উম্মতের জন্য প্রভাতকালীন বরকত অবতীর্ণ করুন৷’ কোনো সেনাদল বা বাহিনী প্রেরণ করলে রাসুলুল্লাহ তাদেরকে দিনের প্রথম প্রহরে পাঠাতেন৷ সাখার (রা.) ছিলেন একজন ব্যবসায়ী মানুষ৷ তিনি দিনের প্রথম ভাগে তাঁর বাণিজ্য কাফেলা পাঠাতেন৷ ফলে তিনি অনেক সম্পদ ও প্রাচুর্য অর্জন করেছিলেন৷

বরকত লাভের দোয়া করা বরকতের সৌভাগ্য অর্জনের শ্রেষ্ঠ উপায় এবং প্রচুর পরিমানে এ নেয়ামত পাওয়ার সেরা মাধ্যম৷ আকিল ইবনে আবু তালেব (রা.) থেকে বর্ণিত, তিনি এক নারীকে বিয়ে করেন৷ লোকেরা তাঁর গৃহে এসে বলল, ‘মিল-মহ্ববত হোক, সন্তানাদি হোক৷’ তখন তিনি বললেন, তোমরা এরকম করে বলো না৷ তারা বলল, হে আবু জায়েদ, তবে আমরা কী বলব? তিনি বললেন, তোমরা বল, ‘আল্লাহ তোমাদের জন্য বরকত দান করুন৷ তোমাদের ওপর বরকত নাজিল করুন৷’ আমাদেরকে এরকমই নির্দেশ দেয়া হয়েছে৷’

ইসলামের অন্যতম বৈশিষ্ট্য সালামের প্রসার ঘটালে বরকত সাধিত হয়৷ এটা এ উম্মতের বরকতময় বিশেষত্ব৷ আল্লাহ বলেন, ‘তোমরা বাড়িঘরে প্রবেশের সময় নিজেদেরকে সালাম দিবে৷ আল্লাহর পক্ষ হতে বরকতময় পবিত্র সালাম৷’ (সূরা নূর, আয়াত : ৬১)৷ ব্যবসায় সততা ও স্বচ্ছতা বজায় রাখলে তাতে  বরকত আসে৷ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ক্রেতা-বিক্রেতা আলাদা না হওয়া পর্যন্ত অধিকার বহাল থাকবে৷ তারা সততা ও স্বচ্ছতা অবলম্বন করলে তাদের ব্যবসায় বরকত হবে৷ মিথ্যাচার ও অস্বচ্ছতা করলে তাদের ব্যবসার বরকত নষ্ট হয়ে যাবে৷’

আত্মীয়তা বজায় রাখা বরকতের বড় উৎস৷ তা দীর্ঘায়ু দান করে৷ জীবিকা সমৃদ্ধ করে৷ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি তার জীবিকার সমৃদ্ধি কিংবা জীবনের আয়ু বাড়িয়ে প্রশান্তি লাভ করতে চায় সে যেন তার আত্মীয়তা বজায় রাখে৷’ পরস্পর সম্প্রীতি ও একতা বরকত বয়ে আনার উপায়৷ নবীজী সাহাবায়ে কেরামকে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থাকতে এবং বিভক্ত না হতে উদ্বুদ্ধ করতেন৷ দুঃস্থ, দুর্বল ও অসহায় লোকদের সহযোগিতা ও দয়া করলে, মুসলিম সমাজে যে বরকত বৃদ্ধি কামনা করে তার জন্য সেটি একটি প্রশস্ত ক্ষেত্র৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘অসহায় ও দুর্বল লোকদের বদৌলতেই তোমাদেরকে জীবিকা ও বিজয় দান করা হয়৷’

মুসলিম জীবনে বরকত অর্জন হলে আল্লাহ তাকে শরিয়ত সম্পর্কে পরিপক্ক সুস্থ বুদ্ধি দান করেন, ঈমান ও ইলম দিয়ে তার হৃদয় উজ্জীবিত করেন৷ অল্প সময়ে সে সুখ-সমৃদ্ধি ও কল্যাণ অর্জন করে সঙ্গীদের ছাড়িয়ে যায়৷ বরকতের প্রভাবে সৎকর্ম, উত্তম কথা, দীর্ঘ আয়ু, নেককার স্ত্রী ও সন্তান লাভ হয়৷ আল্লাহ আমাদের সবাইকে বরকত দান করুন৷ আমীন।

২ জমাদিউল আওয়াল ১৪৩৯ হিজরি মসজিদে নববির জুমার খুতবার সংক্ষিপ্ত ভাষান্তর করেছেন

মাহমুদুল হাসান জুনাইদ

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা