ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী আটক
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত গভীররাতে শহরের ভাদুঘর ও মেড্ডাসহ জেলার আশুগঞ্জ, নাসিরনগর, বিজয়নগর, আখাউড়া ও বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া শহর শাখা ছাত্র শিবিরের নেতা কুমিল্লা সরকারি কলেজের ছাত্র জিয়াউদ্দিন (২২), ভাদুঘর আলিয়া মাদ্রাসার ছাত্র কাউছার (২৫), পৌর ডিগ্রি কলেজের ছাত্র নাদিমুল (২২), আশুগঞ্জ উপজেলার জামায়াত কর্মী সৈয়দ হোসেন (৩৬), নাসিরনগরের শামসু মিয়া (৪০), আজিজুল হক (৪০), বিজয়নগরের খলিল মিয়া (৪৫), আখাউড়া উপজেলার শিমুল (২৪) ও হৃদয় (২৫) এবং বাঞ্ছারামপুরের মো. আলম (২৭)।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের মধ্যে শহর শিবিরের সেক্রেটারি সারওয়ারের বাসায় বৈঠক চলাকালে শিবিরের তিন কর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে জামায়াত-শিবিরের ১৪টি বই, চাঁদা আদায়ের রশিদ, জীবন-বৃত্তান্ত ফরম, সাথী হওয়ার আবেদনপত্র ও মাসিক রিপোর্ট ফরম জব্দ করা হয়েছে।











