বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্বাধীন ভারতের প্রথম ভোটার’ শ্যামশরণ নেগি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মরার সময় চলে এসেছে। কিন্তু মারা যাওয়ার আগে ভোটটা দিয়েই যেন মারা যাই। কয়েকদিন আগে সংবাদমাধ্যমে কথাগুলো বলেছেন ‘স্বাধীন ভারতের প্রথম ভোটার’ শ্যামশরণ নেগি। চলতি বছরের জুলাই মাসে তার বয়স ১০০ পূর্ণ হয়েছে।

হিমাচলপ্রদেশে বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ভোট শুরু হয়েছে। তিনি যখন ভোট দিতে যাবেন, তখন তাকে লাল গালিচা স্বাগত জানানো হবে।

বয়সের কারণে কিছু শারীরিক সমস্যা তার আছে। তবে তার মধ্যেই দায়িত্বে অবিচল শ্যামশরণ। তিনি ও তার স্ত্রী হীরা মণি এবারও ভোট দেবেন। তার এই মানসিকতাকে সম্মান দিতেই প্রশাসনও তার ভোট দেওয়াকে স্মরণীয় করে রাখতে তৈরি। তাকে বাড়ি থেকে আনতে গাড়ি পাঠানো হবে। ভোটকেন্দ্রে থাকবে সংবর্ধনার ব্যবস্থাও।

স্বাধীন ভারতে প্রথম ভোট হয়েছিল ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু হিমাচলের কিছু পাহাড়ি এলাকা তখন বরফে ঢাকা থাকবে বলে ছয় মাস আগে সেখানে নির্বাচন হয়। সেটা ১৯৫১ সাল। তখন সবার আগে ভোট দিয়েছিলেন হিমাচল প্রদেশের কিন্নর জেলার কল্পা গ্রামের শ্যামশরণ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে গুগল তার এই কাহিনি নিয়েই একটি ভিডিও বানিয়ে ভোট দেয়ার আবেদন জানিয়েছিল। তুমুল জনপ্রিয় হয় ভিডিওটি। তখন থেকেই রীতিমতো সেলেব্রিটি শতায়ু এই বৃদ্ধ।

কল্পার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অবনীন্দ্র কুমার বলেন, কিন্নর জেলার ডেপুটি কমিশনার তথা নির্বাচনী অফিসার এন কে লথের নির্দেশে শ্যামশরণকে যথাযথ সম্মান দিয়ে লাল কার্পেট পেতে ভোটকেন্দ্রে স্বাগত জানানো হবে।

তিনি আরও বলেন, তাকে কিন্নরী টুপি ও শাল দিয়ে সংবর্ধনাও দেয়া হবে। শ্যামশরণের দৃষ্টান্ত দেখিয়ে প্রশাসনের বার্তা দিতে চায়, সবাই যেন এসে ভোট দেওয়ার দায়িত্বটা পালন করেন।

বরফে ঢাকা কিন্নর কৈলাস পর্বতশ্রেণি ঘেরা কল্পা গ্রামের একটা বাড়তি আকর্ষণ এখন শ্যামশরণ। দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের অনেকেই যান তাঁর সঙ্গে দেখা করতে। একসময়ের স্কুলশিক্ষক তার খ্যাতি নিয়েও নির্বিকার।

তিনি হাসিমুখে বলেন, আমি কেবল নাগরিক হিসেবে আমার সামান্য দায়িত্ব পালন করেছি। কেউ যদি এতে সচেতন হন সেটাই আমার প্রাপ্তি। সূত্র: আনন্দবাজার পত্রিকা