বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের সঙ্কটের মুখে মধ্যপ্রাচ্যের রাজনীতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :লেবাননের প্রতিরোধ আন্দোলনের মূখ্য দল হিজবুল্লাহর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে সৌদি আরব। সৌদি বলছে ইরানের সমর্থনে চলা হিজবুল্লাহ সৌদি রাজত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশটির এমন অভিযোগের পর আরেকটি রাজনৈতিক সঙ্কটের মুখোমুখি আরব বিশ্ব।

 

মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও সৌদির রাজনৈতিক প্রতিযোগিতার মাঝে ফুয়েল হিসেবে কাজ করে হিজবুল্লাহর রাজনীতি। শনিবার সৌদিপন্থী লেবানিজ প্রধানমন্ত্রী সাদ আল হারিরি পদত্যাগ করার পর থেকেই সৌদি আরব বলছে হিজবুল্লাহ ও ইরান তার এই পদত্যাগের পেছনে সরাসরি জড়িত।

 

সৌদি গালফ অ্যাফেয়ার্স মন্ত্রী থামার আল সাবহান বলেছেন, লেবানিজ সরকার সৌদি আরবের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। হিজবুল্লাহর ‘উগ্রবাদ’ তারই প্রমাণ।

 

হারিরির পদত্যাগে হিজবুল্লাহর সরাসরি হস্তক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, লেবাননে একজনই ছিলেন যিনি কিনা হিজবুল্লাহকে থামিয়ে দিতে চেয়েছিলেন। তিনিই গত এক বছরের চেষ্টা করেছিলেন হিজবুল্লাহকে দক্ষিণ লেবাননের গুহায় পাঠাতে। যে দক্ষিণ লেবানন কিনা শিয়া ভূখণ্ড হিসেবে পরিচিত।

 

তবে লেবানন সরকারের বিরুদ্ধে তার সরকার কোনো রকম পদক্ষেপ নিচ্ছে কিনা তা তিনি পরিস্কার করেননি।

 

অন্যদিকে সৌদির এমন অভিযোগকে ভিত্তিহীন বলছে ইরান। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসনব্যবস্থায় কোনো ধরনের হস্তক্ষেপ করছে না তেহরান। তিনি আরো বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যের জনগণের কাছে ইসলামি আদর্শে পরিণত হয়েছে; সামরিক বা নিরাপত্তাগত আদর্শে নয়।

 

রাহমানি ফাজলি সোমবার ইরানের মাযান্দারান প্রদেশ সফরে গিয়ে সাংবাদিকদের বলেন, ইসলামি আদর্শের সঙ্গে ইরানের ইসলামি শাসনব্যবস্থার এতটা মিল রয়েছে যে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষ তাতে আকৃষ্ট হয়ে পড়ছে। কিন্তু কোনো কোনো মহল এই বিষয়টিকে উল্টো ব্যাখ্যা করে একথা বোঝানোর চেষ্টা করছে যে, ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসনব্যবস্থায় হস্তক্ষেপ করছে।

 

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইনের মাধ্যমে তার দেশের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। কাজেই ইরান যদি কখনো হুমকির সম্মুখীন হয় অর্থাৎ কোনো পক্ষ যদি ইরানের নিরাপত্তা সংক্রান্ত রেড-লাইন অতিক্রম করে তাহলে তেহরান কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

 

অন্যদিকে রাজনৈতিক সঙ্কটের মুখে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন তার দেশের জনগণের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরব সফরে গিয়ে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে এই আহ্বান জানালেন আউন।

 

তিনি সোমবার বৈরুতের প্রেসিডেন্ট প্রাসাদে মন্ত্রিপরিষদ ও পদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। প্রেসিডেন্ট আউন বলেন, রাজনৈতিক নেতাদেরকেই দেশের ঐক্য ও নিরাপত্তা বজায় রাখতে ভূমিকা পালন করতে হবে।

 

লেবাননের প্রেসিডেন্ট ওই বৈঠকে বলেন, নিরাপত্তা, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা হচ্ছে দেশের রেড-লাইন এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগুলো রক্ষা করতে হবে। সূত্র: রয়টার্স, প্রেস টিভি