বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবারে কান্না থামছেই না, স্কুলে হচ্ছে স্মৃতি পাঠাগার

news-image

নিজস্ব প্রতিনিধি : পরীক্ষার আগেও পড়াশোনার ফাঁকে বাড়ির পাশের পাগলা নদী থেকে মাছ ধরেছিল সোনিয়া। প্রতিবেশীর বাড়ির ফ্রিজে এখনো সেই মাছ রাখা আছে।

সোনিয়ার মা আসমা বেগম গতকাল শনিবার বিকেলে বিলাপ করে কাঁদতে কাঁদতে বলেন, ‘এই মাছ আমি কেমনে খামু। এই মাছ আমার মাইয়ার শেষ স্মৃতি। ’
কান্না থামছে না নাদিরার মা আফরোজা বেগমেরও। গতকাল শনিবার বিকেলে কথা হলে এ  তিনি বলেন, ‘আমার তো সব শেষ অইয়া গেছে। আমি আর কী কমু। কত কষ্ট কইরা মাইয়াডারে লেহাপড়া করাইছি। পড়ালেহার লাইগ্যা মাইয়ার বড় সখ আছিল। অহন পড়ালেহা করতে গিয়া অই জীবন গেছে। ’

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকাডুবিতে মারা যাওয়া দুই জেএসসি পরীক্ষার্থীর পরিবারের কান্না যেন থামছেই না।

ঘটনার চার দিনের মাথায়ও অনেকে শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসছেন। সমবেদনা জানাতে আসা মানুষগুলোর চোখেও ছলছল করে পানি। প্রাণে বেঁচে যাওয়া পরীক্ষার্থীরা ভুলতে পারছে না বিভীষিকাময় সেই দৃশ্য।
নবীনগর উপজেলার আমতলী গ্রামের কৃষি শ্রমিক সৈয়দ হোসেনের মেয়ে নাদিরা বেগম ও নজর দৌলত গ্রামের মালদ্বীপ প্রবাসী ইকবাল হোসেন ওরফে শিশু মিয়ার মেয়ে সোনিয়া আক্তার। নাদিরা দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। নাদিরার পড়াশোনার প্রতি আগ্রহ দেখে টাকা জোগাড়ে অনেক কষ্ট করতেন সৈয়দ হোসেন। আর সোনিয়ার বাবা সংসারে আর্থিক সচ্ছলতা ফেরাতে বছর দুয়েক আগে মালদ্বীপে যান। তবে আয়-রোজগার খুব একটা ভালো না। অনেক কষ্টে চলে তার সংসার। পড়াশোনা ও সংসারের কাজ—দুটোতেই মনোযোগী ছিল সোনিয়া। তাই মেয়েটির কথা বলতেই কেঁদে ওঠেন তার মা আসমা বেগম।

এদিকে গতকাল বিকেলে বীরগাঁও স্কুল ও কলেজের গভর্নিং বডির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, নাদিরা ও সোনিয়ার নামে প্রতিষ্ঠানে একটি পাঠাগার স্থাপন, তাদের দুজনের পরিবারকে নগদ ৩০ হাজার টাকা এবং অসুস্থ সাত পরীক্ষার্থীকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।