ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে নৌকা ডুবে দুই ছাএী নিহত
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে জেএসসি পরীক্ষার্থী বোঝাই একটি নৌকা ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া ১০ জন আহত হওয়ার পাশাপাশি আরও তিন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।
নিহত দুই পরীক্ষার্থী হলো নাদিরা আক্তার ও সোনিয়া আক্তার। নাদিরা আক্তার বীরগাঁও ইউনিয়নের বাইশমোজা গ্রামের সৈয়দ হোসেনের মেয়ে এবং সোনিয়া আক্তার একই ইউনিয়নের নজরদৌলত গ্রামের শিশু মিয়ার মেয়ে। লাশ দুটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রায় ১৫০ পরীক্ষার্থী নিয়ে নৌকাযোগে থানাকান্দি থেকে কৃষ্ণনগরের দিকে রওনা হয়। তাদের পরীক্ষার আসন পড়েছিল কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে। থানাকান্দি থেকে কৃষ্ণনগরের দিকে যাওয়ার সময় তিতাস নদে পুঁতে রাখা একটি বাঁশের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থী দুজনকে কৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্র ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় নবীনগর-আশুগঞ্জ সীমান্তের বীরগাঁও এলাকায় তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে। এর আগে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশ ২ শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আজহারুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিক্ষার্থী দুজন মারা গেছে।
জানা গেছে, বীরগাঁও এলাকা থেকে জেএসসি পরীক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা কৃষ্ণনগর স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিলেন। কিন্তু মাঝ নদীতে যাওয়ার পর নৌকাটি পানিতে ডুবে যায়।
নবীনগর থানার ওসি আসলাম সিকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।











