সৌম্যর চোখ ধাঁধানো তাণ্ডব শেষে পথ হারাল বাংলাদেশ!
স্পোর্টস ডেস্ক : তামিমবিহীন বাংলাদেশ দলের ব্যাটিংয়ের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে ভীতির সৃষ্টি করেছিলেন সৌম্য সরকার। শুরু থেকেই চোখ ধাঁধানো সব শট।
প্রতিটি শটে ছিল পরিপূর্ণ আত্মবিশ্বাসের ছটা। রান এগোচ্ছিল ঝড়ের গতিতে। ইমরুল কিংবা সাকিব আউট হওয়ার পরেও সেই গতি থেমে যায়নি। কিন্তু অবশেষে থামলেন সৌম্য সরকার। ফেলুকায়োর এলবিডাব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। সেই রিভিউয়ে ৩১ বলে ৫ চার ২ ছক্কায় শেষ হয় সৌম্যর তাণ্ডব। কমে গেল রান তোলার গতি। ৯২ রানে তৃতীয় উইকেট হারিয়ে এখন স্পষ্টত ব্যাকফুটে বাংলাদেশ। সৌম্যর পর প্যাভিলিয়নে ফিরেছেন মুশফিকুর রহিমও (১৩)।
বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস এবং সৌম্য সরকার। টানা ব্যর্থতার পর অনেকদিন পর স্বরূপে দেখা দেন সৌম্য। উইকেটের চারপাশে দেখা যায় তার চোখ ধাঁধানো শট। অন্যপ্রান্তে যথারীতি ব্যর্থ ১০ রান করে হেনরিক্সের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন ইমরুল কায়েস। ৪৩ রানে ভাঙে ওপেনিং জুটি। তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ বলে ৩ বাউন্ডারিতে ১৩ রান করে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন বিশ্বসেরা অল-রাউন্ডার।
এর আগে ব্লুমফন্টেইনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের শুরুতেই ধাক্কা দেন মেহেদী হাসান মিরাজ। দলীয় ১৮ রানে এই তরুণ অল-রাউন্ডারের বলে সরাসরি বোল্ড হয়ে যান টেস্ট এবং ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ভোগানো হাশিম আমলা (৩)।
এরপর ৭৯ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এবি ডি ভিলিয়ার্স এবং কুইন্টন ডি কক। ২৭ বলে ৮ বাউন্ডারিতে ৪৯ রান করা বিধ্বংসী ভিলিয়ার্সকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মেহেদি মিরাজ। মিরাজের বলে মাহমুদ উল্লাহর তালুবন্দী হন তিনি।
প্রোটিয়া দূর্গে তৃতীয় আঘাত হানেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অল-রাউন্ডারের ঘূর্ণিতে ১৩ রান করে ফিরেন প্রোটিয়া অধিনায়ক জেপি ডুমিনি। সহজ ক্যাচ কঠিন করে দ্বিতীয় বারের চেষ্টায় তালুবন্দী করেন ইমরুল কায়েস।
এরপর ওপেনার কুইন্টন ডি কককে (৫৯) এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন রুবেল হোসেন। রুবেলের দীর্ঘ আবেদনের পর বেশ কিছুক্ষণ ভেবে আঙুল তোলেন আম্পায়ার। পঞ্চম উইকেটে বেহারদিন-মিলারের ৬২ রানের ঝড়ো জুটিতে ৪ উইকেটে ১৯৫ রান তোলে প্রোটিয়ারা। উল্লেখ্য, গত বছর জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৩ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। ওটাই বাংলাদেশের সর্বোচ্চ রান চেজের রেকর্ড।











