রোহিঙ্গাদের ভারতে রাখার আর্জি জানিয়ে চিঠি
আন্তর্জাতিক ডেস্ক :ভারত থেকে রোহিঙ্গাদের ফেরত না পাঠাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন দেশটির বিদ্বজনেরা। এই বিষয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার পাশাপাশি রোহিঙ্গা সমাধানে কেন্দ্রীয় সরকারকে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ারও আর্জি জানিয়েছেন তারা।
মোদিকে উদ্দেশ করে লেখা দুই পৃষ্ঠার এই চিঠিটি গতকালই প্রকাশ্যে এনেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া। রাজনীতিবিদ থেকে শুরু করে মানবাধিকার নিয়ে কাজ করা আইনজীবী ও কর্মীরা, শিল্পী, ব্যবসায়ী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের ৫১ জন ব্যক্তির স্বাক্ষর রয়েছে চিঠিতে।
স্বাক্ষরকারী ব্যক্তিদের অন্যতম হলেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম, কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর, আইনজীবী প্রশান্ত ভূষণ, সাবেক স্বরাষ্ট্র সচিব জি. কে. পিল্লাই, সাংসদ মজিদ মেমন, সাবেক সেনা কর্মকর্তা এবং কলামিস্ট অজয় শুক্লা, সাংবাদিক করণ থাপার ও সাগরিকা ঘোষ, সামাজকর্মী তিস্তা শীতলাবাদ, অভিনেত্রী স্বারা ভাস্কর প্রমুখ।
চিঠির শুরুতেই মিয়ানমারের সেনাবাহিনীর ওপর আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলা এবং তার প্রেক্ষিতে চলতি বছরের ২৫ আগষ্ট রাখাইন প্রদেশে নিরপরাধ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর অত্যাচারের ঘটনা তুলে ধরা হয়েছে।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় খতিয়ে দেখে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোরও অভিমত মিয়ানমারের সেনাবাহিনীর দ্বারা এটা একটা জাতিগত নিধন প্রক্রিয়া।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, নিরপরাধ মানুষকে হত্যা করা, নারীদের ধর্ষণ, রোহিঙ্গাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার অনেক প্রমাণ রয়েছে।
মোদিকে পাঠানো চিঠিতে বিদ্বজনেরা এও উল্লেখ করেছে যে, রাখাইন প্রদেশে নতুন করে সহিংসতার কারণে গত দেড় মাসে মিয়ানমার থেকে দেশ ছেড়ে বাংলাদেশে প্রায় ৪ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। আর এই সমস্যা পোহাতে হচ্ছে বাংলাদেশকে। ভারত সরকারও মানবিক দিক বিবেচনা করে ‘অপারেশ ইনসানিয়ত’এর নামে বাংলাদেশ অনুদান পাঠিয়েছে। একইসঙ্গে রাখাইন প্রদেশে সামাজিক-অর্থনৈতিক প্রকল্পে নিজেদের নিযুক্ত করা ও সেখানে অস্থিতিশীলতা দূর করে দীর্ঘমেয়াদি সমাধানের পথ বের করার জন্য ভারত সরকার অবদান রেখেছে।
তবে ৫১ জন বিদ্বজনেরাই উদ্বেগ জানিয়ে লেখেন যে, রাখাইন প্রদেশ যখন আক্ষরিক অর্থেই জ্বলছে তখন সেই সহিংসতা রোধে আরও জরুরি ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া উচিত। আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো যে রোহিঙ্গা সঙ্কট মেটাতে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া জোরদার করতে তারা যেন উদ্যোগী ভূমিকা নেয় এবং এমন কোন কৌশল অবলম্বন করে যাতে এ ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেওয়া যায়। রোহিঙ্গা সমস্যা নিরসনে ভারতের অবশ্যই একটি নতুন ও সাহসী দৃষ্টিভঙ্গী দেখানো উচিত বলে আমরা মনে করি।
এর মধ্যে অনতম হল ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমদের এ দেশে থাকতে দেয়া। ভারতের আশ্রয় নেয়া প্রায় ৪০ হাজার রোহিঙ্গার মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেয়াটা ভারতের মানবিক নীতি ও ঐতিহ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বাধ্যবাধকতা এবং একইসঙ্গে দেশের সংবিধানবিরোধী হবে। বিদেশি নাগরিকদের হুমকিগ্রস্ত গোষ্ঠীকে রক্ষা করতে দেশের কেন্দ্রীয় সরকার সাংবিধানিক ভাবেই বাধ্য।
চিঠির শেষে স্বাক্ষরকারী ব্যক্তিরা জানান যে, রোহিঙ্গা ইস্যুটি এখন পাহাড় সমান ও বিশ্বব্যাপী সঙ্কটে পরিণত হয়েছে এই পরিস্থিতি সমাধানের জন্য ভারত অদূরদর্শী মনোভাব গ্রহণ করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী আপনি গান্ধী ও গৌতম বুদ্ধের দেশ থেকে প্রতিনিধিত্ব করছেন তাই, আমরা আপনার কাছে গান্ধী বা বুদ্ধের মতাদর্শকে সম্মান জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আপনার নেতৃত্বকে সমর্থন করতে প্রস্তুত রয়েছি।
উল্লেখ্য ভারত অবৈধ ভাবে বসবাসকারী প্রায় ৪০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠোনা হবে ইতোমধ্যেই পরিষ্কার করে দিয়েছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। আইন মেনেই তাদের ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।
ভারতের কেন্দ্রীয় সরকারেরও অভিমত জাতীয় নিরপত্তার ক্ষেত্রে রোহিঙ্গারা যথেষ্ট হুমকি, তাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগ রয়েছে। আর এই আশঙ্কা প্রকাশ করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সুপ্রিমকোর্টে হলফনামা দিয়ে গত ১৮ সেপ্টেম্বর কেন্দ্রের তরফে সেকথা জানিয়েও দেওয়া হয়েছে।











