কাতালান নেতাদের সই করা স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়েছে, “কাতালান প্রজাতন্ত্রকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আমরা সকল রাষ্ট্র ও সংস্থার প্রতি আহ্বান জানাই।”
তাদের এই পদক্ষেপকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে মাদ্রিদ।
স্পেন সরকারের বিরোধিতা ও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাতালুনিয়ার মানুষ গত ১ অক্টোবর যে গণভোটে অংশ নেয়, সেখানে প্রায় ৯০ শতাংশ ভোট কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে পড়ে বলে কাতালান সরকারের ভাষ্য।
তবে বিবিসি লিখেছে, কাতালুনিয়ার স্বাধীনতাবিরোধীরা নির্বাচন বয়কট করায় ভোট পড়েছে মাত্র ৪৩ শতাংশ। নির্বাচনে বিভিন্ন অনিয়মেরও খবর পাওয়া গেছে।
ভোট ঠেকাতে স্পেনের কেন্দ্র সরকারের পুলিশ সেদিন মাঠে ছিল। স্বাধীনতাপন্থি ভোটারদের কেন্দ্র থেকে সরাতে তাদের শক্তিপ্রয়োগের ছবি এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে।ভোটের ওই ফলাফলকে অবৈধ ঘোষণা করেছে মাদ্রিদ। স্পেনের সাংবিধানিক আদালত এর ফল স্থগিত করেছে।
গণভোটের রায় পক্ষে গেলে স্বাধীনতার পথ সুগম করতে গত মাসে একটি আইন পাস করে কাতালুনিয়ার আঞ্চলিক সরকার। পুজদেমনের আহ্বান পেলে সেই আইন অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে স্বাধীনতা ঘোষণা করতে পারত কাতালান পার্লামেন্ট।
কিন্তু পার্লামেন্টে পুজদেমনের ভাষণ সামনে রেখে ইউরোপের প্রভাবশালী দেশগুলো তার উপর চাপ বাড়াচ্ছিল, যাতে তিনি স্বাধীনতার ঘোষণা না দেন।