বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেবী দু্র্গাকে ‘যৌনকর্মী’ বলে বিতর্কে দিল্লির অধ্যাপক

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গাকে ‘ভারতের পৌরাণিক শাস্ত্রের যৌনকর্মী’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের দয়াল সিং কলেজের সহকারী অধ্যাপক কেদার কুমার মণ্ডল। শুক্রবার এক ফেসবুকে পোস্টে তিনি এ মন্তব্য করেন। মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি।

কেদার কুমারের পোস্টটি নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) ওই মন্তব্যের বিরোধিতা করে দিল্লি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার পদত্যাগের দাবি জানিয়েছে।

অন্যদিকে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক টিচার ফ্রন্ট (এনডিটিএফ) কেদার কুমারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়ে একটি মামলা করে। এনডিটিএফ-এর প্রধান রাজীব রায় বলেন, ‘এ ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। বাকস্বাধীনতা থাকলেই যা ইচ্ছা বলা যায় না।’

সমাজের বিভিন্ন মহল তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও অধ্যাপকের বিরুদ্ধে মামলার দাবি জানিয়েছেন অনেকে। পরে সমালোচনার মুখে পোস্টটি মুছে দেন কেদার কুমার। তবে কেন তিনি এ ধরনের মন্তব্য করলেন, তা স্পষ্ট নয়।