ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের নানা অনিয়ম ও দুর্নীতি
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের গাড়িটি বছরের পর বছর গ্যারেজে ফেলে রাখা হয়। তবু অকেজো অবস্থায় রাখা এই গাড়ি মেরামতের নামে প্রতিবছর সরকারি কোষাগার থেকে অর্থ বরাদ্দ নিচ্ছে প্রতিষ্ঠানটির ইনচার্জ শুক্লা কুন্ড।তবে এর ভাগ উর্দ্বতন কর্তৃপ্ক্ষও পায় বলে অভিযোগ।
তিনি বরাদ্দকৃত এসব অর্থ আত্মসাত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আরও নানা খাতে অর্থ আত্মসাতের অভিযোগ মিলেছে। এছাড়া ইনস্টিটিউট পরিচালনা নিয়েও তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
জানা যায়, ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ভালোই চলছিল প্রতিষ্ঠানটি। গত ২০১১ সালের ২৬ মে ইনচার্জ হিসেবে শুক্লা কুন্ড যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতি আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে প্রতিষ্ঠানটিতে। ১৪৭ শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানটি বর্তমানে চলছে খুড়িয়ে খুড়িয়ে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কমিউনিটি ভিজিটের জন্য থাকা গাড়ি নিয়ে রীতিমতো লুটপাট চলছে। ১৯৯৪ সালে বরাদ্দের পর থেকেই গাড়ি গ্যারেজে তালাবদ্ধ থাকলেও এটি মেরামতের ভূয়া ভাউচার ও জ্বালানি খরচ দেখিয়ে বিপুল টাকা হাতিয়ে নেয়া হচ্ছে।
সর্বশেষ গত ২০১৩ সালের ১৫ ডিসেম্বর ২০১৩-১৪ অর্থবছরে সেবা পরিদপ্তরের পরিচালক তাছলিমা বেগম স্বাক্ষরিত এক পত্রে দেখা যায়, মোটর যানবাহন মেরামত ও সংরক্ষণের নামে ২০ হাজার, পেট্রোল ও লুব্রিকেন্ট খরচ দেখিয়ে ৩০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া ষ্টেশনারী, সিল ও ষ্ট্যাম্প, বইপত্র-সাময়িকী, পরিষ্কার-পরিচ্ছন্নতা, কম্পিউটার ও খেলার সামগ্রী বাবদ ৭০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। কিন্তু ইনস্টিটিউটে খোঁজ নিয়ে জানা যায়, এসব খাতে আদৌ কোন টাকা খরচ করা হয়নি।
শিক্ষার্থী ভর্তির টাকা গায়েব :
ইনচার্জ শুক্লা কুন্ড গত ২০১২-২০১৩ সেশনে ভর্তিকৃত ৩০ জন ছাত্রী ভর্তির এক লাখ ১৪ হাজার টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতি ছাত্রীর কাছ থেকে তিন হাজার আট’শ টাকা করে এই টাকা নেওয়া হয়েছিল। অফিসের নথিপত্র ঘেটে দেখা যায়, গত ২০১৩ সালের ২৮ মার্চ তিনি উচ্চমান সহকারি মতিউর রহমানের কাছ থেকে টাকা বুঝে পান বলে স্বাক্ষর করেন। কিন্তু তিনি আদৌ ওই টাকা কোষাগারে জমা করেননি।
ক্লাশ নেন না প্রশিক্ষকরা :
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক বছর ধরে ইনস্টিটিউটে কর্মরত প্রশিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাশ নেন না। ফলে সেবিকার মতো মহান পেশার প্রশিক্ষণ নেয়ার সুযোগ ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করে তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী জানায়, চিকিৎসকদের সঙ্গে ইনচার্জ শুক্লা কুন্ডের বেয়াদবির ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েক মাস যাবত চিকিৎসকরা ক্লাশ নেন না। আবার এই ইনস্টিটিউটে প্রেষণে থাকা তানজিনা খানম ও মোছেনা বেগম নামের দুই ইনস্ট্রাক্টরও তাদের ক্লাশ নিচ্ছেন না। এখন তারা শুধু শুন্য পদে কর্মরত দুই ইনস্ট্রাক্টরের ক্লাশ ছাড়া অন্য কারো ক্লাশ পাচ্ছেন না। ফলে ক্লাশের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
হাজিরা দিয়েই বেতন :
ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকেই কিছু কর্মকর্তা-কর্মচারি শুধুমাত্র হাজিরা খাতায় সই দিয়ে তাদের বেতন নিচ্ছেন। প্রতিষ্ঠানটির ইনচার্জ এসব বিষয় দেখেও না দেখার ভান করছেন। এদের মধ্যে তানজিনা খানম ও মোছেনা বেগম নামের দুই ইনস্ট্রাক্টর ছাড়াও অন্যরা হলেন- গাড়ি চালক রফিক মিয়া, প্রহরীর দায়িত্বে থাকা মিজানুর রহমান ও মনির হোসেন। অফিস চলাকালিন সময়ে তাদের কাউকেই নিজ নিজ দায়িত্ব পালন করতে দেখা যায় না। ইনস্টিউট প্রতিষ্ঠার শুরু থেকেই তারা এখানে কর্মরত রয়েছেন। এদের মধ্যে গাড়ি চালক রফিক মিয়া জেলা সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়ার ব্যবসা করে লাখপতি বনে গেছেন।
অফিসের ল্যাপটপ বাসায় :
বছর খানেক আগে নার্সিং ইনস্টিটিউটের দাপ্তরিক কাজে সরকারি টাকায় কেনা হয় একটি ল্যাপটপ। সংশ্লিষ্ট অনেকেই অভিযোগ করেন, কেনার পর থেকেই ইনচার্জ শুক্লা কুন্ড নিজ বাসায় রেখে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন ল্যাপটপটি। বারবার বলা হলেও ল্যাপটপটি অফিসে আনার বিষয়ে তিনি কর্ণপাত করছেন না।
শিক্ষার্থীদের হুমকি :
ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ শুক্লা কুন্ডের বক্তব্য জানতে সাংবাদিকেরা তার কক্ষে যাওয়ার পর থেকে ওই ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নম্বর কমিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। নাম প্রকাশ না করে কয়েকজন শিক্ষার্থী বলেন, ম্যাডাম নিজে এসে বলে গেছেন, তদন্ত টিম আসলে আমরা যেন সবকিছু মিথ্যা বলে স্বাক্ষ্য দেই। নইলে তিনি আমাদের পরীক্ষায় নম্বর কমিয়ে দিবেন বলে হুমকি দেন।
ইনচার্জ শুক্লা কুন্ড যা বলেন :
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ শুক্লা কুন্ড গাড়ি নিয়মিত চলে দাবি করে বলেন, আমাদের কাগজপত্রে গাড়ি চলাচলের হিসাব আছে। বাস্তবে গাড়ি চলে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার অফিসে আসেন। সব বুঝিয়ে বলবো।
সিভিল সার্জন যা বলেন :
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্র দাস বলেন, এতসব অভিযোগের বিষয় তিনি আগে শুনেননি। এসব বিষয়ে খোঁজ নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।













