‘তাঁরাই সত্যিকারের রোল মডেল’
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ২০১২ সালের এশিয়া কাপের সেই ফাইনালটার কথা কারো ভুলে যাওয়ার কথা নয়। ভারতের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের হেরে যাওয়ার ক্ষতটাও এখনো দগদগে। তবে এসব ম্যাচই পরিণত করেছে বাংলাদেশের ক্রিকেটকে। সেদিনের ঠুনকো ঝড়ে ভেঙে যাওয়া বিরুৎ-গুল্মগুলো এখন মহীরুহে পরিণত হয়েছে। বড় বড় দল এখন সামলাতে জানেন তাঁরা। কেবল তাই নয়, বটবৃক্ষের মতো বাকিদের ছায়া দিয়ে চলেছেন এই তিনজন। বলার অপেক্ষা রাখে না তামিম-সাকিব-মুশফিককে নিয়ে কথা বলছি আমরা।
বাংলাদেশের ক্রিকেটকে আমূলে বদলে দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারিগর তো তাঁরাই। বাংলাদেশের ক্রিকেটে যত দিন এই তিনজনের ছায়া রয়েছে তত দিন পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, জয়ের ধারাটা অব্যাহত থাকলে ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে বাংলাদেশ।
আইসিসির ওয়েবসাইটে লেখা এক কলামে জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘যদিও শ্রীলঙ্কা মিশন এখনো শেষ হয়নি। তবে বাংলাদেশ যদি আসন্ন ওয়ানডে সিরিজ জিততে পারে তাহলে ২০১৯ আইসিসি বিশ্বকাপে জায়গাটা আরো পাকাপোক্ত হবে।’ আর এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা তামিম-সাকিব ও মুশাফিককেই নিতে হবে বলে মনে করেন বুলবুল।
এই ত্রয়ী ক্রিকেটারকে বাংলাদেশের রোল মডেল বলে আখ্যায়িত করেন তিনি। রোল মডেল শব্দযুগল ব্যবহারের ক্ষেত্রে প্রায়ই অপব্যবহার করা হয়। তবে বাংলাদেশের খেলাধুলার দিকে তাকিয়ে আপনি যদি রোল মডেল খুঁজতে চান তাহলে মুশফিক, তামিম ও সাকিব ছাড়া আর কাউকে খুঁজে পাবেন না।’ এর পরই নিজের অবস্থানের পেছনে যুক্তি তুলে ধরেন তিনি। বলেন, ‘এই তিনজন দেড়শটির মতো টেস্ট খেলেছেন। অনুমান করুন তো, এই চ্যাম্পিয়নরা আসার পর কতগুলো টেস্ট জিতেছে বাংলাদেশ? সাতটা, অভিজ্ঞতার অভাব না থাকলে সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হতে পারত। মুশফিক তাঁর ৫৪টি টেস্টের ৩০টিতেই অধিনায়ক ছিলেন। তাই বলতে বাধা নেই বাংলাদেশের টেস্ট ইতিহাসের দ্বিতীয় ইনিংসের কান্ডারি এই তিনজনই। কলম্বো টেস্টের ফলাফল দেখলে এতে দ্বিমত করার কেউ থাকার কথাও নয়।’
বুলবুল মনে করেন বর্তমান বাংলাদেশ দলটির সামর্থ্য ও সম্ভাবনা অনেক বেড়েছে। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড, ভারত এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে তিনটি সিরিজ খেলেছে তার প্রতিটিই ভিন্ন কন্ডিশনে হয়েছে। এর ফলে বোঝা যাচ্ছে, এই দলটা দারুণ ভারসাম্যপূর্ণ। দলটার মানিয়ে নেওয়ার ক্ষমতা দারুণ। এ ছাড়া সামর্থ্য ও সম্ভাবনাও রয়েছে অনেক।’ ক্রিকেটে বাংলাদেশের উত্তরোত্তর সফলতার কারণে কোচ চন্ডিকা হাথুরুসিংহের অবদানের কথাও স্বীকার করেন বুলবুল।
এরপর ২০১৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন বুলবুল। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, শ্রীলঙ্কা সফরটা এখনো শেষ হয়নি। ২০১৯ সালের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য লঙ্কানদের বিপক্ষে সিরিজটা জেতা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ জিততে পারে, তাহলে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের রাস্তাটা আরো প্রশস্ত হবে।











