তৃতীয় দিন শেষে ৭৫ রানে এগিয়ে বাংলাদেশ
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে ১২৯ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনশেষে বিনা উইকেটে ৫৪ রান করেছে দলটি। দিমুথ করুনারত্নে ও উপুল থারাঙ্গা দুজনই ২৫ রান করে অপরাজিত রয়েছেন। দিনশেষে এখনো ৭৫ রানে এগিয়ে আছে মুশফিকের দল।
এর আগে সাকিব আল হাসানের শতক ও মোসাদ্দেক হোসেন সৈকতের অর্ধশতকে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে লিড নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪৬৭ রান করে মুশফিকের দল। সাকিব ১১৬, সৈকত ৭৫, সৌম্য সরকার ৬১, মুশফিক ৫১ ও তামিম ইকবাল ৪৯ রান করেছেন।
আজ সারা দিন দারুণ খেলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সকালে ব্যাটিংয়ে নেমে লঙ্কান ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন সাকিব ও মুশফিক। মধ্যাহ্নভোজের আগে শ্রীলঙ্কার চেয়ে মাত্র ২২ রানে পিছিয়ে ছিল মুশফিকের দল। বিরতি থেকে ফিরে মুশফিক আউট হলেও লঙ্কান বোলারদের হতাশ করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। গতকাল ২ রানে অপরাজিত থাকা মুশফিক আজ ৫০ রান যোগ করেন। হাফ সেঞ্চুরি করার পরেই ফিরে যান এই ব্যাটসম্যান। লাকমলের বলে বোল্ড হওয়ার আগে ৫২ রান করেন মুশি।
এরপর উইকেটে এসে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সৈকত। দলীয় ৪২১ রানে সান্দাকানের বলে চান্দিমালকে ক্যাচ দিয়ে আউট হন সাকিব। এরপর সৈকত ও মিরাজ মিলে আরেকটা ভালো জুটি বাঁধেন। তবে ব্যক্তিগত ২৪ রানে মিরাজ আউট হওয়ার পর ভেঙে যায় বাংলাদেশের প্রতিরোধ। পরের বলে মুস্তাফিজকেও ফেরান হেরাথ। এরপর ৭৫ রানে হেরাথের বলে সৈকত স্টাম্পিং হলে ৪৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
শ্রীলঙ্কার ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল প্রথম ইনিংসে ভালোই জবাব দিচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনশেষে শ্রীলঙ্কার চেয়ে ১২৪ রানে পিছিয়ে ছিল মুশফিকের দল। গতকাল তামিম ইকবাল ও সৌম্য সরকার খেলছিলেন নিজেদের সুনাম ধরে রেখে। তবে ৪৯ রানে আউট হয়েছেন তামিম। হেরাথের বলে লেগবিফোর হন বাংলাদেশি ওপেনার।
শুরুতে আম্পায়ার অবশ্য আউট দেননি তামিমকে, পরে রিভিউ চান হেরাথ। রিপ্লেতে দেখা যায়, বল তামিমের প্যাডে লেগে সোজা মিডল স্টাম্পে লাগত। এরপর টিভি আম্পায়ার আউট দেন তামিমকে। এরপর হাফ সেঞ্চুরি করার পর আউট হন সৌম্য সরকার। সান্দাকানের বলে বোল্ড হন এই ওপেনার। এটি সৌম্যর টানা তৃতীয় হাফ সেঞ্চুরি।
সৌম্য বিদায় নেওয়ার পর ইমরুল কায়েস ও সাব্বির রহমান মিলে ৬২ রানের জুটি গড়েন। এর পরই টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন সান্দাকান। ৫৭তম ওভারের চতুর্থ বলে ইমরুল কায়েস ও পঞ্চম বলে তাইজুল ইসলামকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন এই বোলার। এর পরের ওভারে সাব্বিরকে ফিরিয়ে দেন লাকমল।
এর আগে প্রথম ইনিংসে ৩৩৮ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা।











