মনোবিজ্ঞানীদের দেখানো সুখে থাকার ৫ পন্থা
নিউজ ডেস্ক : সুখী হতে চাই আমরা সবাই। কিন্তু সুখ যেন দূরের অধরা হরিণ। আমরা ছুটি, সেও ছোটে। দূরত্ব কখনো কমে না। জীবনে বরং বাড়ে স্ট্রেস, আশংকা, টানাপোড়েন, ভুল বোঝাবুঝি। আমরা তলিয়ে যেতে থাকি হতাশায়। কাজ করতে থাকি, ছুটতে থাকি, সবার সামনে হাসি, কিন্তু ভেতরে ভেতরে আমরা যা দেখি তা শুধুই অন্ধকার। বিষন্নতা, হতাশার এই জীবনচিত্র শুধু আপনার নয়, আরও অনেকের।
মনোবিজ্ঞানী মার্ক ব্যান্সচিক তার কাছে আসা হতাশার সমস্যা স্টাডি করে দিয়েছেন বেশ কিছু সমাধান। সুখী হওয়ার চাবিকাঠি হিসেবে তিনি তুলে ধরেছেন ৫টি পথ। আসুন জেনে নিই সেগুলো।
প্রেরণার শক্তি
আশপাশের মানুষের জীবন দেখুন। দেখুন, কীভাবে তারা তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। অনেকের হয়ত অনেক সমস্যা আছে। সেগুলো কোন না কোন ভাবে মেটানোর চেষ্টা করছে। বড় বড় মানুষদের জীবনের গল্প পড়ুন। তাদের কাছ থেকে প্রেরণা নিন। কখনো স্বপ্ন দেখা ছাড়বেন না। আপনার স্বপ্নই আপনার ভাল থাকার মূল উৎস।
অন্যকে শোনার ক্ষমতা
অন্যের কথা শুনুন। নিজে নিজে আচরণ বিচার করলে ভুল বোঝাবুঝি বেড়ে যায় অনেক মাত্রায়। সম্পর্কগুলো খুব দামী আমাদের। তাই সম্পর্কের টানাপোড়েন কেড়ে নেয় দিনের সব শান্তি। এজন্য মনোবিজ্ঞানীদের পরামর্শ হল, সামনের মানুষটিকে কখনো বিচার করার মন মানসিকতা থেকে দেখবেন না। মানুষের প্রত্যেকটি আচরণের অর্থ খুজে পাওয়া অসম্ভব। আপনি সব বুঝতে পারবেন না নিজে নিজে। প্রশ্ন করুন। তাকেই বলতে দিন তার কথা। সহানুভূতিশীল হোন, ভরসা রাখুন।
সুস্পষ্ট ইতিবাচক উদ্দেশ্য
জীবনকে ইতিবাচক চোখে দেখুন। আপনার জীবনে হয়ত এখন খারাপ কিছু ঘটছে যা আপনার হতাশার জন্য দায়ী। কিন্তু আপনার মনোভাবকে নেতিবাচক করবেন না। আপনার প্যাশনকে খুজে বের করুন। একটু একটু করে গড়ে তুলুন নিজেকে। কখনো ভাববেন না, “অনেক হয়েছে! আর কত!” আপনার স্বপ্ন নিয়ে আপনিই যদি হেরে যান তাহলে পৃথিবীকে দেখিয়ে দেবেন কীভাবে? তাই একটা গভীর শ্বাস নিন, আনন্দের সাথে শুরু করুন নিজের জন্য কিছু করা।
শেকড়ের কাছে থাকুন
বিশ্বাস, আশা, স্বপ্ন সবমিলিয়েই আমাদের ভাল থাকা। আবার এই সব মূল্যবাণ আবেগই জড়িয়ে আছে আমাদের চারপাশে ঘিরে থাকা সম্পর্কগুলোর সাথে। আমরা ঘুরে ফিরে সেই পউরোনো ঘরেই ফিরতে চাই। কিন্তু এমন যদি হয়, আপনি যদি একা একজন মানুষ হন, তাহলেও হতাশ হবেন না। সম্পর্ক তৈরি করুন। ভালবাসতে ভুলে যাবেন না কখনো। পৃথিবীতে ভালবাসা ছড়িয়ে আছে প্রকৃতি থেকে শুরু করে মানুষে মানুষে। আপনাকে শুধু খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে।
ভারসাম্য
হতাশা এবং আশা, দুঃখ এবং ভালবাসা, ভয় এবং নিরাপত্তা এই সবই মূদ্রার এপিঠ আর ওপিঠ। নেতিবাচক দিকগুলো যখনই মাথা চাড়া দিয়ে উঠবে তখনই অপরদিকের কথাও ভাবুন। নিজেকে নিজেরি তুলে ধরতে হবে। আপনাকে আপনিই সাহায্য করতে পারেন সবচেয়ে বেশী। তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করুন আজই। জীবনের আলোকোজ্জ্বল দিকের প্রতি দৃষ্টি দিন। সবসময় নিজের পাশে দাঁড়ান।











