ব্যবসায়ী গ্রেপ্তার জনতা ব্যাংকের ২৫০ কোটি টাকা আত্মসাতে
আন্তর্জাতিক ডেস্ক : জনতা ব্যাংকে চিনি ও শিশু খাদ্য আমদানির জন্য করা এলসির মাধ্যমে ২৫০ কোটি টাকা আত্মসাতের মামলায় খুলনায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।বুধবার বেলা আড়াইটার দিকে নগরীর দৌলতপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ঢাকা ট্রেডিং হাউজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো. টিপু সুলতান (৪৬) ঢাকা ট্রেডিং হাউজের স্বত্বাধিকারী।

পরে বুধবার বিকালে খুলনার মুখ্য মহানগর হাকিম এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।গ্রেপ্তার অভিযানের নেতৃত্বদানকারী দুদকের পরিচালক জায়েদ হোসেন খান জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন।
মামলার বাদী দুদক কর্মকর্তা মো. সামছুল আলম জানান, ২০১০ সালের ২৪ নভেম্বর থেকে ২০১২ সালের ৩ এপ্রিল পর্যন্ত মামলার আসামিরা এলসির মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেছে, যা দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। এরপর কমিশনের অনুমোদন নিয়ে মামলা করা হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০১০ সালের ১ মার্চ রাজধানীর দিলকুশা বাণিজ্যিক এলাকার জনতা ব্যাংক শাখায় চলতি হিসাব খোলেন মো. টিপু সুলতান। পরবর্তীতে চিনি, ক্রিস্টাল চিনি ও ডাল আমদানির জন্য জনতা ব্যাংকের স্থানীয় শাখায় ৭টি এলসি খোলেন এবং ২৬৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ৩৬৮ টাকা ঋণ নেন। এলসি মার্জিন বাবদ তিনি ১৬ কোটি ৭২ লাখ ৮৮ হাজার ৯১৩ টাকা জমা দেন।
বাকী ২৫০ কোটি ৯৬ লাখ ১ হাজার ৪৫৫ টাকা পরিশোধ না করে ঢাকা ট্রেডিং হাউজের স্বত্বাধিকারী টিপু সুলতান এবং ব্যাংকের ৪ কর্মকর্তা পরস্পর যোগসাজসে আত্মসাৎ করেছে বলে ব্যাংক অভিযোগ করে। এর ভিত্তিতে বিষয়টি তদন্ত শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম মামলাটি করেন।
মামলায় অন্য আসামিরা হলেন জনতা ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মশিউর রহমান, সাবেক ম্যানেজার এ এস এম জহিরুল ইসলাম, সাবেক এজিএম শামীম আহমেদ খান, সাবেক উপ-মহা ব্যবস্থাপক মো. মনজেরুল ইসলাম, সাবেক জিএম তথ্য শাখা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম।এদের মধ্যে মো. আমিনুল ইসলাম মারা গেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ঢাকা ট্রেডিং হাউজের মালিক টিপু সুলতান জনতা ব্যাংকের পাঁচজন কর্মকর্তার সহায়তায় ব্যাংকের ২৫০ কোটি ৯৬ লাখ ১ হাজার ৪৫৫ টাকা আত্মসাৎ করেছেন।’দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিল থানায় পাঁচজনের নামে মামলা করেন দুদকের উপ-পরিচালক সামছুল আলম।দুদকের প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৬০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে বলেও এ তদন্ত কর্মকর্তা জানান।











