বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রাহাত হত্যা : ৩ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন

sherpur-courtনিউজ ডেস্ক : শেরপুরে শিশু রাহাত হত্যায় ৩ জনের ফাঁসি ও ১ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সায়েদুর রহমান খান এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আসলাম বাবু (২২), আবদুল লতিফ (২১) ও রবিন মিয়া (২১)। মামলার আরেক আসামি ইমরান হোসেনকে (২০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত বছর ২ অগাস্ট দুপুরে শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার আপন খালু আব্দুল লতিফ ও তার তিন বন্ধু অপহরণ করে মুক্তিপণ দাবি করে। অপহরণের ৬ দিন পর নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক পাহাড় থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ৪ আগস্ট শিশু রাহাতের ববা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

ওই মামলায় খালু লতিফসহ অপর তিন আসামি রবিন মিয়া, আসলাম বাবু ও ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এরপর ২৯ নভেম্বর লতিফসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। নিম্ন আদালত ১৩ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠায়। ৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে ট্র্রাইব্যুনাল।