বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপবাস নয়, খেয়েই ওজন কমান

weight-pic_102587স্বাস্থ্য ডেস্ক : আপনি ওজন কমাতে চাচ্ছেন? ওজন কমাতে গিয়ে নিজেকে পছন্দের সব খাবার থেকে বঞ্চিত করছেন? তাহলে আপনার জন্যই আমাদের আজকের আয়োজন। চলুন জেনে নেই খাবার খেয়েই কীভাবে ওজন কমানো যায়।

শরীরের বাড়তি ওজন কমাতে অনেকেই উপবাস থাকেন। অনেকের কাছে এটা ভালো উপায় মনে হতে পারে কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ক্ষুধার্ত থেকে আপনি নিজের বিপাক প্রক্রিয়ার ক্ষতি করছেন। যদিও ক্র্যাশ ডায়েট(ওজন কমানোর দ্রুত উপায়) আপনার ওজন কমাতে সহায়তা করতে পারে। কিন্তু এতে করে আপনার পেশির ভর কমবে। পেশির ভর কমা মানে বিপাক প্রক্রিয়া ধীরগতি হওয়া। তাছাড়া, রাতারাতি ওজন কমানোর কোনো পদ্ধতি এখনো আবিষ্কৃত হয়নি।

ওজন কমানোর প্রধান উপায় হচ্ছে প্রতিদিন ক্যালোরির অভাব তৈরি করা। আপনি প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করছেন তারচেয়ে বেশি পরিমাণ ক্যালোরি ক্ষয় হতে হবে।

পেশাদার ফিটনেস বিশেষজ্ঞ স্বপ্না বায়স প্যাটেল বলেন, আপনি যদি এক কেজি ওজন কমাতে চান তাহলে আপনাকে ৭৭০ ক্যালোরি ক্ষয় করতে হবে। আর প্রতি সপ্তাহে এক কেজি ওজন কমাতে চাইলে আপনাকে প্রতিদিন শরীরে এক হাজার ক্যালোরির ঘাটতি তৈরি করতে হবে।

স্বপ্না আরও বলেন, ভারসাম্য রক্ষা করতে হলে মৌলিক বিপাকীয় হার (বিএমআর) মেনে সঠিক খাবার গ্রহণ করতে হবে। যখন কেউ নির্দিষ্ট বিরতিতে খাবার গ্রহণ করে তার বিএমআর উন্নতি লাভ করে এবং বিপাক প্রক্রিয়া বৃদ্ধি পায়। প্রতিদিন ৬ থেকে ৮ বার খাবার গ্রহণ পদ্ধতি ক্ষুধা নিবারণ করবে এবং শক্তি জোগাবে।

সুস্থতা ও পুষ্টি বিশেষজ্ঞ প্রীতি শেঠ বলেন, একটি ভালো ভারসাম্যপূর্ণ ডায়েট হচ্ছে সব উপাদানযুক্ত খাবারের সমন্বয়। যা ওজন কমানোর চমৎতকার উপায়। ভারসাম্যপূর্ণ ডায়েটে সব খাবারই নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে। ফলমূল, আঁশ, সিরিয়াল, পানীয়, ভিটামিন এবং খনিজ পদার্থ ইত্যাদির সর্বোত্তম ভারসাম্য থাকতে হবে। একজন ব্যক্তিকে প্রতিদিন ৩ থেকে ৪ লিটার পানীয় পান করতে হবে। দুই থেকে তিন জাতের ফল এবং পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, শর্করা, চর্বি ইত্যাদি গ্রহণ করতে হবে। খাবারের পাশাপাশি শারীরিক ব্যায়ামও করতে হবে। লিফট বা চলন্ত সিড়ি ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করতে হবে। কাছাকাছি কোথাও গেলে রিকশা বা গাড়িতে না চড়ে হেঁটে যান। এতে পেশি মজবুত হবে এবং শক্তির ভারসাম্য রক্ষা হবে।

স্বপ্না প্যাটেল বলেন, বিপাক প্রক্রিয়া বৃদ্ধির জন্য আদা, লেবু, কাঁচা মরিচ, গোল মরিচ এবং সবুজ চা পান করতে পারেন। প্রতিদিন খাবারে এক টেবিল চা চামচ মরিচের গুঁড়ো খেতে পারেন। খাবারে আদা মিশিয়ে খেলে শরীরের হজম প্রক্রিয়া বৃদ্ধি পাবে।