ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনটির দুটি বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রেলওয়ে পুলিশ জানায়, ‘ন’ ও ‘ত’ নম্বর বগির সংযোগ হুক ভেঙে যাওয়ায় বগি দুটি আলাদা হয়ে পড়ে। চালক বিষয়টি বুঝতে পেরে দ্রুত ট্রেন থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিচ্ছিন্ন বগি দুটির সংযোগ মেরামতে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। মেরামত শেষ হলে তিস্তা এক্সপ্রেস পুনরায় দেওয়ানগঞ্জের উদ্দেশে যাত্রা করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে ওই রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।











