জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার
অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে যাওয়া ইরানের প্রতিনিধিদলের দুই সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অমান্য করে সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও ওই দুই কূটনীতিক নিউইয়র্কে অবস্থান করছিলেন। পরে তাদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইরানের জাতিসংঘ মিশনকে তাদের পুরো প্রতিনিধিদলকে অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে দুই সদস্য নির্ধারিত সময়ের পরও নিউইয়র্কে থেকে যান।
শুক্রবার ইরানি মিশনকে জানানো হয়, ওই দুই কূটনীতিক এখনো নিউইয়র্কে অবস্থান করছেন এবং বিষয়টি মার্কিন কর্তৃপক্ষের নজরে এসেছে। এরপর তাদের দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও ইরানের প্রতিনিধিদলের সদস্যদের নিউইয়র্কে অবস্থান করাকে নির্দেশনার লঙ্ঘন হিসেবে দেখা হয়েছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই কূটনীতিকের একজন শুক্রবার রাতে নিউইয়র্ক ছেড়ে যান। অপরজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও তার প্রতিনিধিদলকে সোমবারের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে দুই কূটনীতিক নির্ধারিত সময়ের পরও নিউইয়র্কে অবস্থান করছেন জানতে পেরে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।











