মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের
অনলাইন ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তায়বাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মদিনার তায়বাহ বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাই এমন স্থাপনায় হামলাকে ইসলামের অন্যতম পবিত্র স্থানের পবিত্রতার ওপর অগ্রহণযোগ্য আঘাত হিসেবে দেখছে বাংলাদেশ।
এ ঘটনায় সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে—এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।
এর আগে চলতি মাসের শুরুতে সৌদি নেতৃত্বাধীন জোট অভিযোগ করে, হুথিরা মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে। ওই কেন্দ্র থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানানো হয়।
তবে সৌদি নেতৃত্বাধীন জোটের এই অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।











