জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি
স্পোর্টস ডেস্ক : ফরাসি ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব জিরোন্দাঁ দ্য বোর্দো নিজেদের অস্তিত্ব রক্ষায় মাত্র ১ ইউরোর বিনিময়ে বিক্রি হয়ে গেছে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ছয়বারের চ্যাম্পিয়ন এই ক্লাবটি ব্রিটিশ ইনভেস্টমেন্ট ফান্ড ‘পার্ক বেঞ্চ’-এর কাছে হস্তান্তর করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
১ ইউরোর বিনিময়ে বিপুল ঋণের দায়ভার গ্রহণ
বোর্দোর পক্ষ থেকে জানানো হয়, প্রতীকী ১ ইউরোমূল্যে হস্তান্তরের প্রধান শর্তই ছিল ক্লাবের জমে থাকা বিশাল ঋণের একটি অংশ পরিশোধ ও পরিচালনা করা। চুক্তির অধীনে ক্লাবের মোট বকেয়া ঋণ ২ কোটি ৬০ লাখ ইউরো থেকে কমিয়ে ১ কোটি ৩০ লাখ ইউরোতে আনা হয়েছে এবং এটি পরিশোধের সময়সীমা ১০ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা হয়েছে। একই সঙ্গে ক্লাবের বিদায়ী মালিক জেরার লোপেস তাঁর পাওনা সমস্ত অর্থ পুরোপুরি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন।
পেশাদার মর্যাদা হারিয়ে ষষ্ঠ ডিভিশনে অবনমন
১৮৮১ সালে প্রতিষ্ঠিত বোর্দো ফরাসি লিগ শিরোপা জিতেছে ৬ বার, যার ঝুলিতে রয়েছে ৪টি ফ্রেঞ্চ কাপ ও ৩টি ফ্রেঞ্চ লিগ কাপ। কিংবদন্তি ফরাসি ফুটবলার জিনেদিন জিদান ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এই ক্লাবের হয়েই বিশ্বমঞ্চে নিজের নাম উজ্জ্বল করেছিলেন। তবে ক্রমাগত পারফরম্যান্সের পতন, অব্যবস্থাপনা ও তীব্র আর্থিক সংকটে পড়ে দলটি তাদের পেশাদার ফুটবলের মর্যাদা হারিয়ে সরাসরি ষষ্ঠ স্তরের লিগ ‘রিজিওনাল ১’-এ নেমে যায়।
চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা
বাণিজ্যিক আদালতের দেওয়া সময়সীমার মধ্যে ক্লাবটিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এই চুক্তিতে সই করেছেন বর্তমান মালিক জেরার লোপেস ও নতুন বিনিয়োগকারী পার্ক বেঞ্চ। তবে হস্তান্তর প্রক্রিয়া পূর্ণাঙ্গ হতে শিগগিরই ‘নুভেল-আকিতেন ফুটবল লিগ’-এর ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কমিশনের মুখোমুখি হতে হবে নতুন মালিকপক্ষকে, যেখানে তারা ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের বাজেট ও নতুন বিনিয়োগকারীদের আর্থিক সক্ষমতা যাচাই করে দেখবে।











