স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’
বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ার কালজয়ী দীর্ঘ ধারাবাহিক ‘নেবার্স’ এবার দর্শকেদের সামনে আসছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। ওজি সংস্কৃতির অন্যতম জনপ্রিয় এই ড্রামার মার্গট রবি অভিনীত অংশগুলোকে ছোট ছোট ‘ভার্টিক্যাল’ (উল্লম্ব) ভিডিওতে পুনর্গঠন করে স্মার্টফোনের উপযোগি মাইক্রোড্রামা আকারে অবমুক্ত করা হচ্ছে।
স্মার্টফোনের উপযোগী ১৫০ মিনিটের ভিডিও কনটেন্ট : হলিউড তারকা মার্গট রবির অভিনীত চরিত্র ‘ডোনা ফ্রিডম্যান’-কে ঘিরে দুটি বিশেষ গল্পের ধারা বেছে নেওয়া হয়েছে। ‘নেবার্স’-এর প্রযোজক প্রতিষ্ঠান ‘ফ্রিম্যান্টল’ এবং শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম ‘রোজবেরি মিডিয়া’র যৌথ উদ্যোগে এসব পর্ব সম্পাদিত হয়ে প্রকাশ পাবে তাদের নিজস্ব অ্যাপ ‘এপিস’-এ। সম্পাদনাকাজে সাজানো পুরো ভিডিও কনটেন্টের দৈর্ঘ্য হবে প্রায় ১৫০ মিনিট।
এআই প্রযুক্তির ব্যবহার : এই প্রকল্পের সবচেয়ে বড় চমক হলো রোজবেরির নিজস্ব এআই প্রযুক্তি ‘রেডস্ন্যাপার’-এর ব্যবহার। এআই প্রযুক্তিটি ‘নেবার্স’-এর বিশাল আর্কাইভ স্ক্যান করে মূল চরিত্র, ড্রামা ও গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে, যা পরবর্তীতে মোবাইলের উল্লম্ব স্ক্রিনের ফ্রেম অনুযায়ী কাটছাঁট ও সম্পাদনা করা হবে।
পুরোনো কনটেন্টের নতুন আন্তর্জাতিক বাজার : ১৯৮৫ সাল থেকে প্রচার শুরু হওয়া ‘নেবার্স’ মোট ৯,৩৬৩টি পর্ব প্রচারের পর সম্প্রতি ইতি টানে। এটি শুধু মার্গট রবিই নন—কাইলি মিনোগ, গাই পিয়ার্স ও জেসন ডোনোভানের মতো বিশ্বখ্যাত তারকাদের ক্যারিয়ার শুরুর অন্যতম পথপ্রদর্শক ছিল। প্রযোজনা সংস্থা ফ্রিম্যান্টল জানায়, পুরো টিভি পর্ব পুনঃপ্রচারের পরিবর্তে স্মার্টফোন ফরম্যাটে নিয়ে আসার এই উদ্যোগটি নতুন প্রজন্মের দর্শক টানতে ও পুরোনো ক্লাসিক কনটেন্ট থেকে নতুন রাজস্ব আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।











