আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের গোপন বৈঠকে অংশ নেওয়ার তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সৌদি আরব। দেশটির উচ্চপদস্থ একজন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের কাছে এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
ইসরাইলি গণমাধ্যমের চাঞ্চল্যকর দাবি : এর আগে ইসরায়েলের চ্যানেল ১৪ দাবি করেছিল যে, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর একটি বৃহত্তর পরিসরের আলোচনা হয়েছে। সেখানে সৌদি প্রতিনিধিরাও নাকি যোগ দিয়েছিলেন বলে আমিরাতের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছিল।
আঞ্চলিক নিরাপত্তা ও জোট গঠনের গুঞ্জন : প্রতিবেদনে আরও দাবি করা হয়েছিল যে, নেতানিয়াহুর উদ্যোগে আয়োজিত ওই গোপন বৈঠকে আরব দেশগুলোর পাশাপাশি সৌদি প্রতিনিধিরা অংশ নেন। সেখানে ইরান ও হুথিদের বিরুদ্ধে লড়াই, আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি নতুন আঞ্চলিক জোট গঠনের মতো সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা হয়। ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়োসি শেলি পর্দার আড়ালে থেকে পুরো বিষয়টি সাজানোর দায়িত্বে ছিলেন বলেও জানানো হয়েছিল।
সৌদির স্পষ্ট অস্বীকৃতিতে ধোঁয়াশা : সৌদি কর্মকর্তার পক্ষ থেকে এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করার পর ইসরায়েলি গণমাধ্যমে প্রচারিত সেই গোপন বৈঠকের খবর ও এর পেছনের দাবিগুলোর সত্যতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।











