হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলো সরে গেছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্রের ভাষ্য, বর্তমানে মার্কিন নৌবহরের জাহাজগুলো প্রণালির মুখ থেকে অন্তত ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ তথ্য জানান।
তার দাবি, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় নিয়মিত ৩০ থেকে ৪০টি মার্কিন যুদ্ধজাহাজ টহল দিত। তবে সাম্প্রতিক সময়ে কৌশলগত এই জলপথে কিংবা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে না।
মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকিগুলো বাস্তব পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা। তার দাবি, দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় সক্ষমতা ও সাংগঠনিক কাঠামো যুক্তরাষ্ট্রের নেই।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে—ওয়াশিংটনের এমন বক্তব্যের মধ্যেই ইরানি কর্মকর্তার কাছ থেকে এই দাবি এলো।
প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হয়। প্রণালিটির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান।
প্রতিবেদন অনুযায়ী, ইরান-যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার মধ্যে কয়েক দফায় প্রণালিতে জাহাজ চলাচল ঘিরে বিধিনিষেধ ও পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানের সাম্প্রতিক দাবি ও মার্কিন যুদ্ধজাহাজের বর্তমান অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্যের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: এএফপি











