মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে প্রশাসনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিটি করপোরেশনের দুটি গাড়ি এবং পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলাকালে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সংঘর্ষের পর মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় লাঠি হাতে বেশ কয়েকজন হকারকে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারপাশে অবস্থান নিয়েছে।
এলাকায় উত্তেজনা থাকায় পুনরায় সংঘর্ষের আশঙ্কাও রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, উচ্ছেদ অভিযান চলার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের দুটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন।
এ সময় একটি ভেকু ভাঙচুরের পাশাপাশি পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।











