ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার
অনলাইন ডেস্ক : সাংবাদিকদের সার্বিক কল্যাণ এবং ওয়েজবোর্ডসহ পেশাগত অধিকার বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ নিয়ে আয়োজিত এক পরামর্শ সভায় তিনি এ কথা বলেন। সভায় আগের বৈঠকে পাওয়া মতামতের ভিত্তিতে একটি উপস্থাপনা তুলে ধরা হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত সাংবাদিকরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা যেন সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন এমন কেউ নিতে না পারেন, সেজন্য সাংবাদিক ও গণমাধ্যমের সংজ্ঞা স্পষ্ট করা প্রয়োজন।
তিনি সাংবাদিকদের ওয়েজবোর্ড, পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরির ওপর গুরুত্ব দেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি কল্যাণ ট্রাস্টের সহায়তা যাতে প্রকৃত সাংবাদিকদের কাছে পৌঁছায়, সেটিও নিশ্চিত করতে হবে। এজন্য কে সাংবাদিক হিসেবে স্বীকৃতি পাবেন এবং কে পাবেন না, তার সুস্পষ্ট মানদণ্ড থাকা প্রয়োজন।
সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির প্রস্তাবও দেন তিনি। বার কাউন্সিলের মতো কোনো ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট মতামত চান প্রতিমন্ত্রী।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











