বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে
অনলাইন ডেস্ক : অভিনেত্রী কেয়া পায়েলের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি আরিফিন শুভর সঙ্গে তার ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মের প্রচারণাকে ঘিরে সেই আগ্রহ আরও বেড়েছে। তবে বাস্তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি এই অভিনেত্রী।
বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে কেয়া পায়েল বলেন, তিনি ভাগ্যে বিশ্বাস করেন। ভাগ্যে যখন বিয়ে লেখা থাকবে, তখনই তা হবে এবং সবাই জানতে পারবেন। তবে তার নিজের ধারণা, বিয়েটা হয়তো হঠাৎ করেই হয়ে যাবে।
আরিফিন শুভ ও কেয়া পায়েলকে নিয়ে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। দুজনের ‘হ্যাপিলি ম্যারিড’ লেখা পোস্ট দেখে অনেকেই তাদের বিয়ে হয়েছে বলে ধারণা করেছিলেন। পরে জানা যায়, এটি তাদের অভিনীত ওয়েব ফিল্মের নাম।
‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আওতায় ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘হ্যাপিলি ম্যারিড’ পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। আগামী ৭ অক্টোবর দিবাগত রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর থেকে চরকিতে দেখা যাবে ওয়েব ফিল্মটি।
এটি কেয়া পায়েলের প্রথম ওয়েব ফিল্ম। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, পুরো টিমের সহযোগিতায় কাজটি করতে তার ভালো লেগেছে। সহশিল্পী আরিফিন শুভর পেশাদারিত্ব ও সহযোগিতারও প্রশংসা করেন তিনি।
বর্তমানে অভিনয়, এন্ডোর্সমেন্ট ও ফ্যাশন রানওয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কেয়া। অক্টোবরের শুরুতে দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে তার এবং মাসের শেষ দিকে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে অভিনেত্রী বলেন, প্রথম ওয়েব ফিল্ম হওয়ায় তিনি বেশ রোমাঞ্চিত। দর্শক এখানে তাকে ভিন্নভাবে দেখতে পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।











