শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন
অনলাইন ডেস্ক : শিল্পীদের ব্যক্তিজীবন, বিশেষ করে ধর্মীয় চর্চা নিয়ে না জেনে মন্তব্য করা উচিত নয় বলে মনে করেন চিত্রনায়িকা ফারহানা আমিন রত্না নূতন। তার মতে, শিল্পীরাও অন্য সবার মতোই মানুষ এবং অনেকেই নিয়মিত ইবাদত করেন।
সম্প্রতি ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড ২০২৬’-এ চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন নূতন। পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে শিল্পীদের ব্যক্তিজীবন ও ধর্মীয় চর্চা নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।
নূতন বলেন, অনেকেই শিল্পীদের ধর্মীয় জীবন নিয়ে প্রশ্ন তোলেন বা নানা মন্তব্য করেন। কিন্তু অনেক শিল্পীই নিয়মিত নামাজ পড়েন এবং প্রত্যেকে নিজের মতো করে ইবাদত পালন করেন। এ বিষয়গুলো প্রকাশ্যে জানানোর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ব্যক্তির ইবাদত ও ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে অন্যের মন্তব্য করার আগে বিষয়টি সম্পর্কে জানা উচিত। কারও ধর্মীয় জীবনের বিচার করার দায়িত্ব মানুষের নয়—এটি সৃষ্টিকর্তার বিষয় বলেও উল্লেখ করেন নূতন।
নিজের দীর্ঘ অভিনয়জীবনের নানা সংগ্রামের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন এই অভিনেত্রী। পরিবার, ব্যক্তিজীবন ও চলচ্চিত্রের কাজ একসঙ্গে সামলানো সহজ ছিল না জানিয়ে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও অভিনয় থেকে দূরে সরে যাননি।
অভিনয়কে জীবনের শেষ ঠিকানা উল্লেখ করে নূতন জানান, মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্র ও অভিনয়ের সঙ্গে থাকতে চান তিনি। এ জন্য সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাই করেন।
অনুষ্ঠানে নৃত্যে অবদানের জন্য নৃত্যশিল্পী মুনমুন আহমেদকেও আজীবন সম্মাননা দেওয়া হয়।











