সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ
অনলাইন ডেস্ক : সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে নতুন একটি কাজে আবারও অভিনয়ে ফিরছেন ওপার বাংলার বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। কাজটি পরিচালনা করবেন সত্যজিতের ছেলে সন্দীপ রায়।
ফেলুদা চরিত্রে দীর্ঘদিন অভিনয় করে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পাওয়া সব্যসাচী বয়সের কারণে একসময় এই চরিত্র থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার সত্যজিতের গল্পের মাধ্যমেই তাকে আবার ক্যামেরার সামনে দেখা যাবে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সত্যজিৎ রায়ের নির্বাচিত কয়েকটি ছোটগল্প নিয়ে নতুন এই কাজটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন সন্দীপ রায়। এর আগে তার পরিচালনায় ‘সত্যজিতের প্রিয় গল্প’ ও ‘সত্যজিতের গপ্পো’ নামে ছোটগল্পভিত্তিক ধারাবাহিক নির্মিত হয়েছিল।
নতুন কাজটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী। তবে এটি টেলিভিশন নাকি অন্য কোনো মাধ্যমে মুক্তি পাবে, তা এখনো চূড়ান্ত হয়নি। একইভাবে কোন গল্পে তাকে দেখা যাবে, সেটিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকে শুটিং শুরু হতে পারে।
সব্যসাচী চক্রবর্তীকে সর্বশেষ ‘অচিন্ত্য আইচ’ ধারাবাহিকের নতুন পর্বে দেখা গেছে। সেখানে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে তিনি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেন।











