ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৩৬
অনলাইন ডেস্ক : দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন রোগী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে তৈরি।
নতুন করে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে মারা গেছেন আরও পাঁচজন—প্রতিটি বিভাগে একজন করে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরেই প্রাণ হারিয়েছেন ১৩৬ জন, যা এ বছরের মাসভিত্তিক হিসাবে সর্বোচ্চ। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন মারা যান। এছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মৃত্যুর তথ্য রয়েছে।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন। তাদের মধ্যে ৭০ হাজার ২৫৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ২ হাজার ৬৪ জনকে।











