,

অস্কারে বাংলাদেশের হয়ে যাচ্ছে ‘রইদ’

news-image

অনলাইন ডেস্ক : একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সিনেমাটিকে বাংলাদেশের নির্বাচিত চলচ্চিত্র হিসেবে ঘোষণা করা হয়।
‘রইদ’ সিনেমায় সাধু ও তার স্ত্রী পাগলির সম্পর্কের মধ্য দিয়ে প্রেম, নীরবতা ও মানবজীবনের গভীর অনুভূতির গল্প তুলে ধরা হয়েছে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমানের চিত্রনাট্যে নির্মিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পাওয়াকে দেশের চলচ্চিত্রের জন্য সম্ভাবনার নতুন দ্বার হিসেবে দেখছেন অভিনেত্রী নাজিফা তুষি। তার মতে, এ অর্জনের সুফল ভবিষ্যতে বাংলাদেশের সিনেমা পেতে পারে। চলচ্চিত্রকে শুধু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে না দেখে এর নান্দনিক ও একাডেমিক গুরুত্বও বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘রইদ’ নিয়ে তাদের অনুভূতি আনন্দের। কারণ, এটি বাংলাদেশের পাশাপাশি এ অঞ্চলের সংস্কৃতি, চিন্তা ও জীবনযাপনের অভিজ্ঞতা থেকে তৈরি একটি গল্প। সিনেমাটির মাধ্যমে সেই অভিজ্ঞতাই দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।
এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। এগুলো হলো নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
প্রাথমিক বাছাইয়ের পর চারটি সিনেমা বিবেচনায় রাখা হয়। সেখান থেকে চূড়ান্তভাবে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের ছবি হিসেবে ‘রইদ’কে নির্বাচিত করা হয়েছে।