রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা
অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে দখলমুক্ত ঘোষণা করে সোমবার সকালে প্রতিষ্ঠানের নিজস্ব সাইনবোর্ড পুনরায় টাঙানো হয়েছে।
হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর ক্ষতিগ্রস্ত ক্লিনিকটিতে সংস্কারকাজও শুরু হয়েছে। বিভিন্ন অংশ মেরামতে কর্মীরা কাজ করছেন। তবে সংস্কারকাজ চললেও চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়নি। স্বাস্থ্যকর্মীরা ক্লিনিকের ভেতর থেকে রোগীদের সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও কার্যক্রম চালানো হচ্ছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়।
ঘটনার পর পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকেও প্রত্যাহার করা হয়েছে।











