প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানো, ৫ পুলিশ বরখাস্ত
অনলাইন ডেস্ক : আদালত থেকে কাশিমপুর কারাগারে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর মহানগর পুলিশ।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
পুলিশ জানায়, বিস্ফোরক মামলায় গ্রেপ্তার রাজা শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থেকে নামেন। এরপর গাজীপুরের বাইমাইল এলাকায় সুযোগ বুঝে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া সদস্যরা হলেন এসআই (এবি) শ্রী প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির, সাকিব, শাকিল এবং ড্রাইভার নায়েক কামাল।
ঘটনা তদন্তে সিটিএসবির উপকমিশনার মহিউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, রোববার সকালে কাশিমপুর কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাদের প্রিজন ভ্যানে করে কাশিমপুরে ফেরানো হচ্ছিল।
পথে রাজা শৌচাগারে যাওয়ার কথা বলে চিৎকার করতে থাকেন। প্রিজন ভ্যানটি গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা এক এসআই তাকে ভ্যান থেকে নামিয়ে শৌচাগারে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সুযোগ নিয়ে তিনি পালিয়ে যান।
পরে বাকি ২৯ আসামিকে কাশিমপুর কারাগারে পৌঁছে দেওয়া হয়। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ বিস্ফোরক আইনের একটি মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ বন্দি ছিলেন।











