মামলা না নেওয়ার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব সালমানের
অনলাইন ডেস্ক : রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাব দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তার দাবি, হামলার পরপরই থানায় গিয়ে মামলা করার চেষ্টা করলেও পুলিশ তখন তার অভিযোগ নেয়নি।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে তিনি এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রশ্ন তোলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ জানানো হলেও থানায় মামলা করা হয়নি কেন।
এর জবাবে সালমান মুক্তাদির বলেন, হামলার পর তিনি ক্যান্টনমেন্ট থানায় যান এবং রাত থেকে ভোর পর্যন্ত সেখানে অবস্থান করেন। দীর্ঘ সময় থানায় থাকার পর ক্লান্ত হয়ে বাসায় ফিরে যান বলেও জানান তিনি।
সালমানের ভাষ্য অনুযায়ী, পরদিন সকালে তার ক্ষতিগ্রস্ত স্টুডিওর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর রোববার দুপুরে পুলিশ তার মামলা গ্রহণ করে।
মামলা আগে কেন নেওয়া হয়নি—এ প্রশ্ন পুলিশের কাছেই থাকা উচিত বলে মন্তব্য করেন সালমান। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি থানায় উপস্থিত ছিলেন।
এর আগে স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন সালমান মুক্তাদির। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার এ অভিযোগকে ‘ঢালাও অভিযোগ’ হিসেবে উল্লেখ করেন।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া কোনো দলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের আইনগত ভিত্তি নেই।











