জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
অনলাইন ডেস্ক : ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগে করা মামলায় রোববার এ আদেশ দেওয়া হয়।
ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পল্টন মডেল থানার এসআই নাজমুল ইসলাম ২৭ জনকে কারাগারে রাখার আবেদন করেন।
আসামিদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে আদালত সোমবার জামিন শুনানির দিন ধার্য করেছেন।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—দিদারুল আলম তুহিন, ইমান আহমেদ ইমন, মোল্লা মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মিরাজ আহমেদ, মিরাজ মালিথা, রবিউল ইসলাম, মিলন কুমার মহন্ত, কাউসার হোসেন, শ্রী অঞ্জন শীল, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, সুজন আলী, তসিকুল ইসলাম, সাইফুল্লাহ সায়েক, নয়ন আলী, সাজিদুল ইসলাম তুহিন, তাজুল ইসলাম, নিষ্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, আল আমিন হাওলাদার, তুষার আলী, রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।
আদালতে দেওয়া পুলিশের আবেদনে বলা হয়েছে, জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে আটক ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। শনিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা কার্যালয়ে আসার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তাদের মধ্যে কেউ কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন—এমন প্রাথমিক সন্দেহের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের আটক দেখানো হয়েছে।
শনিবার দুপুরের পর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে কার্যালয়ের ভেতরে থাকা লোকজনকে একাধিক প্রিজন ভ্যানে করে থানায় নেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, অভিযান শেষে প্রায় ২৮০ থেকে ৩০০ জনকে হেফাজতে নেওয়া হয়। যাচাই-বাছাইয়ের পর ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।











